ভারতের কেন্দ্রীয় সরকার মনে করছে, সীমান্তের অমীমাংসিত বিষয়গুলোর মতো তিস্তা চুক্তির বিষয়েও আগেই পশ্চিমবঙ্গের লিখিত সম্মতি না নেওয়া ভুল হয়েছে। তা হলে আনুষ্ঠানিকভাবে সম্মতি দেওয়ার পরও শেষ মুহূর্তে বেঁকে বসার সুযোগ থাকত না পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চলতি মাসের শুরুতে ঢাকা সফরে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সই হওয়ার কথা ছিল।গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার ঢাকা, নয়াদিল্লি ও কলকাতার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেষ মুহূর্তে তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ায় বিস্মিত হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। পরে নয়াদিল্লির উপলব্ধি হয়েছে, তিস্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের লিখিত সম্মতি না নেওয়া ভুল ছিল। কারণ, সীমান্তের অমীমাংসিত তিনটি বিষয় ছিটমহল, অপদখলীয় ভূমি বিনিময় ও সাড়ে ছয় কিলোমিটারের সীমানা চিহ্নিত করে গুচ্ছ মানচিত্র সইয়ের ক্ষেত্রে আসাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গের লিখিত সম্মতি নেয় নয়াদিল্লি। ফলে এ বিষয়ে প্রটোকল সইয়ের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়নি। ৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত শেখ হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকের সঙ্গে জড়িত ভারতের কর্মকর্তারা তাঁদের হতাশা ও উপলব্ধির বিষয়গুলো বাংলাদেশের কাছে প্রকাশ করেছেন।নয়াদিল্লি ও কলকাতার কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানায়, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন অব্যাহত রাখতে তিস্তা চুক্তি সইকে অগ্রাধিকার দিচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। চুক্তিটি না হওয়ায় মনমোহনও প্রথমে হতাশ ছিলেন। তিস্তার ব্যাপারে মমতার সম্মতি পেতে এখন তিনি কৌশল বদলেছেন। মমতার সঙ্গে এ বিষয়ে যোগাযোগের দায়িত্ব থেকে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেননকে সরিয়ে মন্ত্রিসভার দুই সদস্যকে তাঁর দূত হিসেবে কাজে লাগাতে চাইছেন। মমতার সঙ্গে দীর্ঘদিনের জানাশোনা থাকা প্রবীণ এ দুই রাজনীতিবিদের একজন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আম্বিকা সোনি ১৬ সেপ্টেম্বর কলকাতায় মমতার সঙ্গে দেখাও করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে মনমোহন দিল্লি ফেরার পর কলকাতা আসবেন কেন্দ্রীয় পল্লি উন্নয়ন, সুপেয় পানি ও পয়োনিষ্কাশনমন্ত্রী জয়রাম রমেশ।একই অবস্থানে মমতা: কূটনৈতিক সূত্র জানায়, মমতাকে রাজি করাতে মনমোহন সিংয়ের বর্তমান প্রয়াস কতটা সফল হবে, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। কারণ মমতা ২০ সেপ্টেম্বর ভূমিকম্প-দুর্গতদের দেখতে গিয়ে সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সঙ্গে কথা বলেন তিস্তা চুক্তি নিয়ে। সেখানে মমতা জেনেছেন, সিকিমে সেচ ও জলবিদ্যু ৎ উ ৎপাদনের জন্য তিস্তায় দুটি বাঁধ তৈরি হচ্ছে। এতে তিনি মনে করছেন, বাংলাদেশের সঙ্গে তিস্তা নিয়ে শিগগিরই চুক্তি করার কোনো সুযোগ নেই। তিস্তায় পানি প্রবাহের ব্যাপারে তিনি একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন। এই কমিটি পানি প্রবাহ পরিমাপ করবে। এরপর পানি প্রবাহের উপাত্ত বিশ্লেষণ শেষে এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা হবে। এসব থেকে বোঝা যায়, এ বিষয়ে একই অবস্থানে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।কারণ অজানা: তিস্তা চুক্তি নিয়ে মমতার এই অবস্থানের সঠিক কারণ এখনো অজানা। কলকাতার সরকারি সূত্রগুলো আভাস দিয়েছে, কারণটি রাজ্য সরকারের মন্ত্রীরাও খুব স্পষ্টভাবে জানেন না। ফলে তাঁরা আনুষ্ঠানিকভাবে কেবল বলছেন, কেন্দ্রীয় সরকার না জানিয়েই পানির হিস্যা চূড়ান্ত করেছে, এটাতেই তাঁদের আপত্তি।তবে এ প্রক্রিয়ার সঙ্গে গত দেড় বছর ধরে যুক্ত একাধিক কর্মকর্তা এই প্রতিবেদককে নিশ্চিত করেন, প্রবাহের জন্য নির্দিষ্ট মাত্রায় পানি বরাদ্দ রেখে ভারত ৫২ এবং বাংলাদেশ ৪৮ শতাংশ পানি পাবে, এমন একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। তবে খসড়া চুক্তিতে পানির হিস্যার জায়গাটি ফাঁকা রাখা হয়েছিল। দুই শীর্ষ নেতার সম্মতিতে খসড়া চুক্তির ফাঁকা জায়গাটি পূরণ করা হবে, এমন ভাবনা ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।মনমোহনের ঢাকা সফরের দুই দিন আগে শিব শংকর মেনন যে চুক্তি চূড়ান্ত করেন, তা নিয়েই তো মমতার আপত্তি—এ প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এমন কিছু সে সময় ঘটেনি। তিস্তা চুক্তির খসড়া প্রসঙ্গে ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ভারতের মন্ত্রিসভার বৈঠক শেষে অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর বিতণ্ডা হয়। দীনেশের অভিযোগ, চুক্তির খসড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই করা হয়েছে। এতে অর্থমন্ত্রী অভিযোগ করেন, রেলমন্ত্রী মিথ্যাচার করছেন। কলকাতার রাজনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, তিস্তা নিয়ে মমতার বেঁকে বসাটা যতটা না কারিগরি কিংবা বাস্তব প্রেক্ষাপটের নিরিখে, তার চেয়ে বেশি রাজনৈতিক কারণে। রাজনীতিকদের কারও কারও মতে, কংগ্রেস ও তৃণমূলের যে বৈরিতা সে কারণে তিনি এ অবস্থান নিয়েছেন। এ ছাড়া সবকিছুই তিনি এখনো একাই সামলাতে পছন্দ করেন। ফলে এ নিয়ে রাজনৈতিক সহকর্মীরা তো বটেই, আমলাদেরও তিনি আস্থায় নিতে চান না। বিষয়টি নিয়ে মমতা এখনো সরাসরি কোনো মন্তব্য না করায় এ নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।