পশ্চিমবঙ্গের সুন্দরবনে ২০ বাঘ
ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবনে ২০টি বাঘের সন্ধান মিলেছে। বাঘ গণনার প্রাথমিকভাবে পাওয়া তথ্য থেকে এ সংখ্যা পাওয়া গেছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের বন বিভাগ।বন বিভাগের তথ্যমতে, গত বছরের নভেম্বরে সর্বাধুনিক প্রযুক্তির ক্যামেরা বসিয়ে যৌথভাবে বাঘ গণনার কাজ শুরু করে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও সুন্দরবন বায়োস্ফিয়ার নামের দুটি সংস্থা। গত এক বছরে তাদের ক্যামেরায় ধারণ করা ছবি বিশ্লেষণ করে বাঘের প্রাথমিক এই সংখ্যা পাওয়া গেছে। কিছু অঞ্চলে ছবি তোলার কাজ এখনো বাকি আছে বলে জানিয়েছে সংস্থা দুটি। পশ্চিমবঙ্গের প্রধান বন কর্মকর্তা সিতাংশু মণ্ডল জানান, ওই অঞ্চলের ছবি তোলার কাজ শেষ হলে সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের এক অংশ পড়েছে বাংলাদেশের সীমানায়, অন্য অংশ পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় সুন্দরবনের আড়াই হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে রয়েছে বাঘের বিচরণ।