পশ্চিমা বিশ্ব সাদ্দামকে ভুলভাবে বিচার করেছে: তারিক আজিজ
ইরাকের সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী কারাবন্দী তারেক আজিজ দেশটির সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের প্রতি তাঁর পূর্ণ সমর্থন জানিয়েছেন। কাদিমিয়া কারাগারে তাঁর কক্ষে লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকার এক প্রতিনিধিকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো সাদ্দাম হোসেন সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা তৈরি করেছে। ইতিহাস সাক্ষ্য দেবে যে তিনি এমন একজন ব্যক্তি, যিনি তাঁর দেশের সেবা করেছেন।বর্তমান সময়ের ইরাক সাদ্দাম হোসেনের সময়ের চেয়ে অনেক খারাপ অবস্থায় আছে বলে মন্তব্য করে তারিক আজিজ বলেছেন, সাদ্দাম হোসেন ৩০ বছর ধরে যে ইরাককে গড়েছিলেন, তা আজ সম্পূর্ণ ধ্বংস হয়েছে গেছে। এখন ক্ষুধার্ত, অসুস্থ মানুষের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। জনগণ কোনো সেবা পাচ্ছে না। প্রতিদিনই বহু মানুষ নিহত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করে তারিক আজিজ বলেন, মার্কিন সেনা প্রত্যাহার করে তিনি ইরাককে নেকড়েদের মুখে ছেড়ে দিচ্ছেন।সাদ্দাম হোসেন সরকারের মুখপাত্র হিসেবে তারিক আজিজ বিশ্বের কাছে পরিচিত ছিলেন। সাত বছর আগে বন্দী হওয়ার পর এটাই তাঁর প্রথম সাক্ষাত্কার। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কে তিনি বলেন, ‘ইরাকের অবস্থা স্থিতিশীল হওয়ার আগেই মার্কিন সেনা প্রত্যাহার ইরাকের পরিস্থিতি আরও সংকটাপূর্ণ করে তুলবে। আমরা সবাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বলি হয়েছি। তারা আমাদের দেশটাকে বহুভাবে হত্যা করেছে। যখন আপনি কোনো ভুল করেন, তখন সেই ভুলটাকে শুধরিয়ে নিতে হয়। কিন্তু সেটা কোনোভাবেই ইরাককে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে নয়।’—বিবিসি