পশ্চিমা বিশ্বের উচিত ইসলামপন্থীদের স্বাগত জানানো: কাতারের প্রধানমন্ত্রী
কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসীম আল-থানি বলেছেন, আরব বিশ্বে পরবর্তী রাজনৈতিক শক্তি হিসেবে ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই পশ্চিমাদের উচিত হবে তাদের স্বাগত জানানো। ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে কাতারের প্রধানমন্ত্রী এ কথা বলেছেন। আজ বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাত্কারটি রয়টার্সের অনলাইনে প্রকাশিত হয়েছে।জসীম আল-থানি বলেন, ‘আরব বসন্ত’-এর রূপকার ইসলামপন্থীদের ভয় করা উচিত নয়, আমাদের উচিত হবে তাদের সহযোগিতা করা। তিনি বলেন, আন্তর্জাতিক আইনের রীতিনীতির মধ্যে থেকে যারা নিজেদের পরিচালিত করছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে যারা ক্ষমতায় আসছে, তাদের সঙ্গে আমাদের সমস্যা হওয়া উচিত নয়। সম্প্রতি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইসলামপন্থীদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে। গত অক্টোবরে তিউনিসিয়ার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে ইসলামপন্থী এন্নাহদা দল জয়ী হয়। আর মিসরের পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ইসলামভিত্তিক মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক সংগঠন ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি এগিয়ে রয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। মিসরে গত সোম ও মঙ্গলবার প্রথম দফায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে কয়েক সপ্তাহ ধরে এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।