পশ্চিমা হামলা দমাতে পারছে না গাদ্দাফির সেনাদের
লিবিয়ায় পশ্চিমা জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা দমাতে পারছে না গাদ্দাফির অনুগত সেনাদের। গত বুধবার টানা পঞ্চম রাতে লিবিয়ার বিভিন্ন স্থানে হামলা হয়েছে। প্রথমবারের মতো লিবিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পশ্চিমা বাহিনী। এর মধ্যেও বিদ্রোহীদের দখলে থাকা শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে হামলা চালিয়ে যাচ্ছে গাদ্দাফি বাহিনী।পশ্চিমা বাহিনীর হামলায় বহু বেসামরিক লোক নিহত হয়েছে বলে লিবিয়ার কর্তৃপক্ষ দাবি করেছে। সরকারি কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের ত্রিপোলি হাসপাতালে নিয়ে পশ্চিমা হামলায় নিহত সেনাসদস্য ও বেসামরিক লোকজনের লাশ দেখিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, জোট বাহিনীর অভিযানে বেসামরিক লোকজন হতাহত হয়নি।লিবিয়া অভিযানের ব্যাপারে সামরিক জোট ন্যাটোর ভূমিকা কী হবে, সে ব্যাপারে কোনো সিদ্ধান্তে এখনো পৌঁছাতে পারেননি জোটের নেতারা। অভিযানের ভবিষ্যৎ করণীয় ঠিক করতে আগামী মঙ্গলবার লন্ডনে আন্তর্জাতিক সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।পশ্চিমা জোটের হামলা চলছে: লিবিয়ার বিভিন্ন স্থানে বুধবার রাতভর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বৃহস্পতিবার ভোরের দিকে ত্রিপোলিতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে সেখানে ধোঁয়া উড়তে দেখা যায়। ওই এলাকায় গাদ্দাফি বাহিনীর একটি সামরিক ঘাঁটি রয়েছে।লিবিয়ার কর্মকর্তারা গতকাল কয়েকজন সাংবাদিককে ত্রিপোলি হাসপাতালে নিয়ে যান। সেখানে সেনা ও বেসামরিক নাগরিক মিলে ১৮ জনের মরদেহ দেখানো হয়। কর্মকর্তারা দাবি করেন, রাতভর পশ্চিমা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিহত হয়।গাদ্দাফির শক্ত ঘাঁটি বলে পরিচিত সিবা শহরেও হামলা হয়েছে। স্থানীয় একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকাল সকালে দুবার বিমান হামলা হয়। এ সময় বিমানবিধ্বংসী গোলার শব্দ শোনা যায়।লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে দাবি করা হয়, ত্রিপোলি ও জাফরে হামলা হয়েছে। ক্রুসেডাররা সামরিক-বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। প্রতিবেদনে হতাহতের সংখ্যা অনেক বলে দাবি করা হলেও কোনো ফুটেজ দেখানো হয়নি।ফরাসি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানান, গতকাল ফরাসি যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে লিবিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। লিবিয়ার বিমানটি মিসরাতা শহরে অবতরণ করছিল। গত শনিবার লিবিয়ায় অভিযান শুরুর পর দেশটির বিমান ভূপাতিত করা ঘটনা এটাই প্রথম।লিবিয়া অভিযানের দায়িত্বে থাকা মার্কিন চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল জেরার্ড হুয়েবার দাবি করেন, জোট বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক নাগরিক হতাহত হয়নি। তিনি জানান, জোটের লক্ষ্য সাধারণ জনগণকে রক্ষায় গাদ্দাফি বাহিনীর ওপর চাপ সৃষ্টি করা।মার্কিন সামরিক বাহিনী সূত্র জানায়, লিবিয়ার উপকূলীয় এলাকায় ‘নো ফ্লাই জোন’ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এখন গাদ্দাফি বাহিনীর ট্যাংক ধ্বংস করার জন্য হামলা চলছে। মার্কিন বাহিনীর একজন অধিনায়ক জানান, ২৪ ঘণ্টার মধ্যে ১৭৫ বার হামলা চালানো হয়। এর মধ্যে মার্কিন বাহিনী ১১৩ বার হামলা চালায়।যুক্তরাজ্য গতকাল জানায়, বুধবার রাতে লিবিয়ার বিমান প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়ে ব্রিটিশ বাহিনী। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জেরার্ড লঙ্গুয়েট জানান, ফরাসি হামলায় গত তিন দিনে লিবিয়ার ১০টি সাঁজোয়া গাড়ি ধ্বংস হয়।ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালাইন জুপে বলেন, জোট বাহিনী সফলভাবে অভিযান চালাচ্ছে। গাদ্দাফি বাহিনীকে ধ্বংস করতে কয়েক দিন বা সপ্তাহ লাগতে পারে।গাদ্দাফি বাহিনীর হামলা: মিসরাতার প্রধান হাসপাতালের কাছে বুধবার রাতে ট্যাংক নিয়ে অভিযান চালায় গাদ্দাফি বাহিনী। স্থানীয় বাসিন্দা ও বিদ্রোহী সূত্র জানায়, পশ্চিমা হামলার সময় কয়েক ঘণ্টা অভিযান বন্ধ রাখে গাদ্দাফি বাহিনী। পরে ট্যাংক নিয়ে তারা অভিযান শুরু করে। তারা মিসরাতার হাসপাতাল এলাকাসহ বিভিন্ন স্থানে বোমা হামলার পাশাপাশি এলোপাতাড়ি গুলি ছোড়ে। ওই হাসপাতালের একজন চিকিৎসক টেলিফোনে জানান, সরকারি বাহিনী ট্যাংক নিয়ে হাসপাতালের কাছাকাছি চলে এসেছে। আশপাশের এলাকায় গোলা নিক্ষেপ করা হচ্ছে। বিদ্রোহীদের একজন মুখপাত্র দাবি করেন, সরকারি সেনাদের গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পশ্চিমের জিনতান শহরের একজন বাসিন্দা জানান, শহরটি দখলে নিতে সরকারি সেনারা শক্তি বাড়াচ্ছে। শহরে অনেক ট্যাংক ও সেনা দেখা যাচ্ছে। কয়েক দিন ধরে জিনতান শহরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সুইস সাংবাদিক গেটান ভান্নে। তিনি জানান, গত মঙ্গলবার ব্যাপক সংঘর্ষের পর জিনতান থেকে সরকারি সেনাদের হটিয়ে দিতে সক্ষম হয় বিদ্রোহীরা।বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত বেনগাজির দক্ষিণের শহর আজদাবিয়ার নিয়ন্ত্রণ নিতে বিদ্রোহীরা লড়াই চালিয়ে যাচ্ছে। বিদ্রোহীদের সহায়তা দিতে বেনগাজি-আজদাবিয়া সড়কে পশ্চিমা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তার পরও আজদাবিয়ার নিয়ন্ত্রণ নিতে পারছে না বিদ্রোহীরা।এদিকে লিবিয়ার সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযান চালানোর কথা অস্বীকার করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়, বিদ্রোহীরা আক্রমণ করলেই কেবল আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালানো হচ্ছে।ন্যাটোয় মতভেদ: লিবিয়া অভিযান নিয়ে ন্যাটোয় মতভেদ চলছে। গত সোমবার থেকে আলোচনা চললেও লিবিয়া অভিযানে ন্যাটো নেতৃত্ব দেবে কি না, সে ব্যাপারে জোটের নেতারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। বিষয়টি নিয়ে গতকালও ব্রাসিলিয়ায় বৈঠক হয়।ন্যাটোর সদস্যরাষ্ট্র তুরস্ক বলেছে, লিবিয়ায় অভিযানে বেসামরিক জনগণ হতাহত হচ্ছে। তাই তারা মনে করে, অভিযানের দায় ন্যাটো নিতে পারে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, কয়েক দিনের মধ্যে লিবিয়া অভিযানের ‘নেতৃত্ব ও নিয়ন্ত্রণের’ ব্যাপারে সিদ্ধান্ত হবে।যুক্তরাজ্য সম্মেলন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এক বিবৃতিতে বলেন, ‘লিবিয়া অভিযান নিয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার লন্ডনে আন্তর্জাতিক সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। সেখানে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নে আমাদের বন্ধু ও অংশীদার রাষ্ট্রগুলোর সঙ্গে খোলাখুলি আলোচনা হবে। অভিযান এগিয়ে নিতে ওই সম্মেলনে ‘কন্টাক্ট গ্রুপ’ গঠন করা হবে।’গত ১৭ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিবিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নো ফ্লাই জোন প্রতিষ্ঠাসহ ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেওয়ার প্রস্তাব পাস হয়। গত শনিবার রাত থেকে ‘অপারেশন ওডিসি ডন’ নামে অভিযান শুরু হয়। সূত্র: এএফপি, আল-জাজিরা, বিবিসি, রয়টার্স।