নাশকতার আশঙ্কায় গোটা পশ্চিমাঞ্চল রেলওয়ে সর্বোচ্চ সতর্কতা (রেড এলার্ট) জারি করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের (জিআরপি) পক্ষ থেকে গত বুধবার এই সতর্কতা জারি করা হয়। সতর্কতা জারির পর ট্রেনে ট্রেনে তল্লাশি চলছে। দেশে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু হওয়ায় জঙ্গি হামলার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়। এর আগে সতর্কতা জারি হয় পূর্বাঞ্চল রেলওয়েতে।পশ্চিমাঞ্চল রেলওয়ে সতর্কতার কথা স্বীকার করে সৈয়দপুর রেলওয়ে পুলিশের সদর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার জাহিদ প্রথম আলোকে বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রেল পুলিশ সতর্ক রয়েছে। নাশকতার আশঙ্কা আমরা উড়িয়ে দিচ্ছি না, তাই পুলিশ প্রহরা বাড়ানো হয়েছে।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ে জেলার অধীন রয়েছে ১২টি জিআরপি থানা। এসব থানার আওতায় রয়েছে পশ্চিমাঞ্চলের তিনটি বিভাগীয় শহর, ২২টি জেলা, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনের রেলপথ পরিপার্শ্বের এলাকাগুলো। একইভাবে পশ্চিমাঞ্চল রেলওয়ের বড় বড় স্থাপনারও তদারকির দায়িত্ব রেলওয়ে পুলিশের। এ অবস্থায় ২২টি জেলার রেলপথে যেকোনো ধরনের নাশকতা ঘটতে পারে বলে রেলওয়ে গোয়েন্দা সংস্থাগুলো পূর্বাভাস দিয়ে আসছিল। বিশেষ করে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা, পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা), খুলনা, ঈশ্বরদী, সান্তাহার ও লালমনিরহাট লোকোশেড, রাজশাহীর রেল ভবনে হামলার আশঙ্কা তাদের।পশ্চিমাঞ্চল রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহকারী কমান্ড্যান্ট (এসি) শাজাহান সরকার জানান, হামলা হতে পারে—এ আশঙ্কায় রেলওয়ের সব বড় বড় স্থাপনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সৈয়দপুর কারখানায় কোনো অপরিচিত ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অপরিচিত ব্যক্তির যানবাহন প্রবেশে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহভাজনদের তল্লাশিও করা হচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রতিটি স্থাপনায় যানবাহন চলাচল সংরক্ষিত করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সার্বক্ষণিকভাবে প্রতিটি স্থাপনা ও রেলপথ তদারক করছে। রেল পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাম্প্রতিক সময়ে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু হওয়ায় একাত্তরের ঘাতক চক্র দেশে জঙ্গিদের উসকানি দিচ্ছে বলে তাঁদের কাছে তথ্য আছে। ওই জঙ্গিরা সংগঠিত হয়ে রেলওয়ে স্থাপনায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে পূর্বাঞ্চল রেলওয়ে যেমন সতর্কতা জারি করা হয়েছে, অনুরূপ পশ্চিমাঞ্চলের নাশকতা ঠেকাতে চলছে নানা তৎপরতা। তিনি বলেন, ‘রাজশাহী অঞ্চলের একটি উগ্রবাদী জঙ্গি গ্রুপ রেলওয়ের বিভিন্ন সেতু ও রেলপথের ফিসপ্লেট উপড়ে ফেলে বড় ধরনের নাশকতা ঘটাতে পারে বলে আমাদের কাছে তথ্য আছে। এসব স্থাপনার প্রতি আমরা সজাগ দৃষ্টি রাখছি।’সৈয়দপুর রেলওয়ে স্টেশনমাস্টার মোজাম্মেল হক জানান, পশ্চিমাঞ্চল রেলের প্রতিটি বড় স্টেশনে রেল পুলিশের তল্লাশি অব্যাহত রাখা হয়েছে। কোনোভাবেই যাতে জঙ্গিরা ট্রেনে উঠে পড়তে না পারে, এ ব্যাপারে আমরা পুলিশকে সহযোগিতা দিচ্ছি। বড় স্টেশনগুলোতে ট্রেনে ট্রেনে অতিরিক্ত তল্লাশিও চলছে। রেলওয়ে সূত্রমতে, প্রতিদিন একটি করে ট্রেনে পুলিশ ভ্রাম্যমাণ আদালত বসাচ্ছে। তবে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের সদস্যসংখ্যা মাত্র ৭০০। ওই ন্যূনতম সদস্য দিয়ে পুলিশের বিশাল এলাকা পশ্চিমাঞ্চল রেলপথ প্রহরায় নামানো হয়েছে, যাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।