পশ্চিমাদের অবরোধের হুমকির প্রতি আহমাদিনেজাদের ব্যঙ্গ
পশ্চিমা দেশগুলোর নতুন অবরোধের হুমকিকে উড়িয়ে দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, নতুন নতুন উদ্ভাবনী কৌশল কাজে লাগিয়ে তাঁর দেশ তেল বিক্রির চেয়ে ১০ গুণ বেশি সম্পদ অর্জন করতে পারবে। পশ্চিমা দেশগুলোর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রতি বিদ্রূপ করে দেশটির হামেদান শহরে এক জনসভায় এ কথা বলেন আহমাদিনেজাদ।আজ বুধবার আল জাজিরা জানায়, আহমাদিনেজাদ পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ করে ওই জনসভায় বলেন, ‘আমাদের তেল কিনবেন না? গোল্লায় যান। এটা ভালো হয় যদি আপনারা না কেনেন...উদ্ভাবনীশক্তি কাজে লাগাতে পারলে এর চেয়ে ১০ গুণ বেশি অর্থ ইরানিদের পকেটে যাবে।’ আল জাজিরা আরও জানায়, গত সপ্তাহে আহমাদিনেজাদ বলেছিলেন, ইরানকে তেল রপ্তানির ওপর নির্ভরশীলতা কমিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে এবং বৈদেশিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানের অর্থনীতির প্রায় ৮০ শতাংশ নির্ভর করে তেল রপ্তানির রাজস্বের ওপর। অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর তেল ও গ্যাস রপ্তানি থেকে ইরানের আয় প্রায় ৪৫ শতাংশ কমে গেছে। এ জন্য ইরান সরকার ইরানি দিনপঞ্জি অনুযায়ী আগামী ২১ মার্চ শুরু হতে যাওয়া নতুন বছরে ব্যয়-হ্রাস বাজেট প্রণয়নের পরিকল্পনা করছে। এ বাজেটের লক্ষ্য হবে তেল রপ্তানি কমার ফলে বাজেটে যে ঘাটতি দেখা দিয়েছে, আয়কর বাড়ানোর মাধ্যমে তা পূরণ করা।