পশ্চিমাদের গোপন অভিযান বাড়ছে
ভিন্নমতালম্বীদের বিরুদ্ধে পশ্চিমাদের গোপন অভিযানের ইতিহাস বেশ পুরোনো। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের প্রেক্ষাপটে শুরু হওয়া সন্ত্রাসবিরোধী যুদ্ধের পর পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও বিশেষ বাহিনী কর্তৃক পরিচালিত গোপন অভিযানের সংখ্যা বেড়েই চলছে।পাকিস্তানের ইসলামাবাদের কাছে মার্কিন বিশেষ বাহিনীর হাতে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর পশ্চিমাদের গোপন অভিযানের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত দেশটির বিশেষ বাহিনীর সদস্যসংখ্যা দ্বিগুণ হয়েছে। এ খাতের বাজেট বেড়েছে তিনগুণ হয়েছে। আর গোপন বাহিনীর সার্বিক উন্নয়ন হয়েছে অতীতের তুলনায় চারগুণের বেশি।বাজেট কাটছাঁটের এই যুগে তুলনামূলক বিচারে গোপন বাহিনী পরিচালনার খরচও বেশ কম। বিশেষ করে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করার চেয়ে এই পদ্ধতি সস্তা। বিন লাদেনকে হত্যার অভিযানে অংশ নেওয়া বিশেষ বাহিনীর প্রধান অ্যাডমিরাল উইলিয়াম ম্যাক রেভেন নিজেও এ বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নেতৃত্বে গোপন অভিযানে ২০১২ সালের জন্য পেন্টাগনের অনুমিত বাজেটের মাত্র ১ দশমিক ৬ শতাংশ খরচ হয়েছে। যুক্তরাষ্ট্রে বিশেষ বাহিনীর প্রয়োজনীয়তা সম্পর্কে ম্যাক রেভেনের মন্তব্য, ‘তাদের পেছনে যে বিনিয়োগ করা হয়েছে, তার বিপরীতে তারা অসাধারণ কিছু ফেরত দিচ্ছে।’নিরাপত্তা-বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে সিআইএর গোপন অভিযানের সদস্য অনেক বেড়েছে। সংস্থাটির নতুন পরিচালক জেনারেল ডেভিড পেট্রাউসের অধীনে ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।বর্তমানে বিশ্বের ৭৫টি দেশে মার্কিন বিশেষ বাহিনী নিয়োজিত আছে। শুধু মার্কিনিরাই নয়, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য, ইসরায়েলসহ অন্য পশ্চিমা মিত্ররাও এই গোপন বা বিশেষ বাহিনীর সংখ্যা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করে। তারা মনে করে, আধুনিক যুদ্ধকৌশলের অংশ হিসেবে তাদের গোপন বাহিনী বাড়ানো উচিত।তবে এ ধরনের বাহিনী ও অভিযানের নেতিবাচক দিকও রয়েছে। পশ্চিমাদের গোপন অভিযান সম্পর্কে যাঁদের ধারণা আছে, তাঁদের মতে, এটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের কূটনৈতিক টানাপোড়েনকে উসকে দিতে পারে। সেই সঙ্গে বিশ্বকে আরও যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।১৯৮০ সালের দিকে ইরানের কন্ট্রা কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের তত্কালীন প্রেসিডেন্ট রিগ্যানকে বিপদের মধ্যে ফেলেছিল। তবে তখন আফগানিস্তানে মার্কিনিদের প্রতিপক্ষ সোভিয়েত ইউনিয়নকে ঘায়েল করতে ইসলামি গেরিলাদের প্রত্যক্ষভাবে সহায়তা করেছিল পেন্টাগন। কয়েক বছরের মাথায় মার্কিনিদের বোনা সেই বীজে সৃষ্টি হয় ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন আল-কায়দা। অভিযোগ আছে, সেই আল-কায়েদাই পরে আঘাত হেনেছে সুরক্ষিত মার্কিন সাম্রাজ্যে।