পশ্চিমাদের হুঁশিয়ার করলেন খামেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলোর দুর্ব্যবহারের উপযুক্ত জবাব দুর্ব্যবহারের মাধ্যমেই দেওয়া হবে। ইসরায়েল কয়েক মাসের মধ্যে ইরানে হামলা চালাতে পারে—গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার এ মন্তব্যের জবাবে ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ কথা বলেন। ইরানে ১৯৭৯ সালে সংঘটিত বিপ্লবের বার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি কড়া ভাষায় পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। খামেনি বলেন, ‘সঠিক সময়ে ইরানের তেলের ওপর পশ্চিমাদের অবরোধ এবং হামলার হুমকির জবাব দেওয়া হবে।’ তাঁর এ বক্তব্যের মাধ্যমে এই প্রথমবারের মতো ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ প্রকাশ্যে পশ্চিমাদের অবরোধ আরোপের বিষয়ে কথা বলল। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘পশ্চিমাদের অবরোধ আমাদের পারমাণবিক কর্মসূচির অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। বরং এতে আমরা আরও স্বনির্ভরশীল হতে পারব।’ রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া।