লিখেছেন রুহিনা তাসকিনছোটবেলায় দেখতেন, ঘরেই হচ্ছে ফটোশ্যুট, বিজ্ঞাপন নির্মাণের কাজ। বাবা রেজা আলীকে দেখতেন নতুন আইডিয়া খুঁজতে। বিজ্ঞাপনের জগৎটা বেশ মজার, সৃজনশীল বলেই মনে হতো। আবার একটু বড় হওয়ার পর ঝুঁকলেন অন্যদিকে। বাবা-মেয়ে সাইকেল চালিয়ে চষে বেড়াতেন ঢাকা শহর। যত্ন নিতেন বাবার পোষা কুকুর, ঘোড়ার। তখন স্বপ্ন দেখতেন পরিবেশবিদ হওয়ার। শেষমেশ বিজ্ঞাপন জগতেই এলেন সারা আলী। এখন কাজ করছেন বিজ্ঞাপনী সংস্থা বিটপীর ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) হিসেবে।যুক্তরাষ্ট্রের মাউন্ট হোলিওক কলেজ থেকে নৃবিজ্ঞান (অ্যানথ্রোপলজি) বিষয়ে স্নাতক করেন সারা। এরপর নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেন মিডিয়া স্টাডিজে। ২০০১ সালে পড়া শেষ করে দেশে ফিরে বিটপীতে যোগ দেন তিনি। তবে এক লাফে বড় কোনো পদে নয়, ধাপে ধাপে উঠে আসতে হয়েছে তাঁকে। ‘শুরুর দিকে পরিবেশটা একটু অদ্ভুতই ছিল। আমাদের পুরোনো কর্মীরা ভাবতেন, আমি তো বিদেশ থেকে এসেছি। আমি কি পারব তাঁদের সঙ্গে খাপ খাওয়াতে? আবার আমিও ভাবতাম, আমার আচরণ এখন কেমন হওয়া উচিত। তবে আমি তো সরাসরি বাবা নয়, অন্য কর্মীর অধীনে কাজ করতাম। বাকি সবার মতোই রিপোর্ট করতাম আমার উচ্চপদস্থ কর্মীকে। কিছুদিনের মধ্যেই তাঁরা আমাকে গ্রহণ করে নিলেন।’ বলেন সারা আলী।‘২০০৮ সালে ব্যবস্থাপনা পরিচালক হলাম বিটপীর। তখনো আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। মনে হতো, অন্যরা হয়তো ভাববে, বাবার কারণেই আমি এই পদ পাচ্ছি। কিন্তু এখন জানি, আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি।’তবে বাবা বিজ্ঞাপন নিয়ে কাজ করতেন বলেই আজ তাঁরও এ ক্ষেত্রে আসা, এটা মানেন সারা। ‘বিটপী আব্বুর একদম নিজের হাতে গড়া প্রতিষ্ঠান। আমাদের ভাইবোনদের মধ্যেই কেউ বিটপীর ভার নেবে, এটা আব্বু চাইতেন। আমি বিদেশে পড়তে গেছি ঠিকই। তবে জানতাম, দেশে ফিরে বাবার সঙ্গেই কাজ করব।’ বললেন তিনি।বাবা রেজা আলী এখন দায়িত্ব পালন করছেন সাংসদ হিসেবে। বিটপীতে কম আসা হয়, তাই। তবে সারা এখনো বাবার পরামর্শ নিয়েই কাজ করেন। ‘বিশেষ করে করের বিষয়গুলো তিনি খুব ভালো বোঝেন। অর্থসংক্রান্ত নানা বিষয়ে তাঁর ওপর খুব নির্ভর করি।’ বলেন সারা আলী।সারা মনে করেন, বাবা একটু বুঝেশুনে পা ফেলতে চান। অনেক দেখেশুনে তবেই সিদ্ধান্ত নেন তিনি। আর সারার ভাবনা হলো, ব্যবসার ক্ষেত্রে অনেক বদল আসছে। এখনই করতে না পারলে ভবিষ্যতে হয়তো অনেক কাজ আর করাই হবে না। অন্যদের চেয়ে এগিয়ে থাকতে হলে পা ফেলতে হবে এখনই। আবার বাবা চান তরুণদের গড়ে তুলতে। কিন্তু সারার মতে, দক্ষ কিছু মানুষকে বিটপীতে আনা প্রয়োজন এখনই।‘অনেক সময় বিটপীতে আমরা সারা রাত কাজ করি, ফাঁকে ফাঁকে চলে গানবাজনা, হইহুল্লোড়। বাবা অনেক সময় এসব দেখে মনে করেন, আমরা সময় নষ্ট করছি।’ হাসলেন সারা।বাবার কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপদেশ কী? সারা বলেন, ‘বাবা আমাকে শিখিয়েছেন প্রশ্ন করতে। গ্রাহকদের কথা কখনোই অন্ধভাবে মেনে নেওয়া ঠিক নয়। তাঁরা যা বলবে ঠিক সেভাবেই, বিনা বাক্যব্যয়ে কাজটা করে দিতে পারি আমরা। কিন্তু তাহলে আর আমাদের প্রয়োজন কোথায়? কাজটাতে নতুন কিছু যোগ করতে পারলাম আমরা?’বিটপী নিয়ে সারার সামনে অনেক পরিকল্পনা। ‘বিটপীর অধীনে একটা বিজ্ঞাপনী স্কুল করতে চাই। অনেকেই মনে করেন, বিজ্ঞাপনের কাজ শেখার জন্য বিটপী দারুণ একটা জায়গা। এই ব্যাপারটাকেই প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই।’বিজ্ঞাপন দিয়ে শুরু। তবে সারা আলী নিজেকে ছড়িয়েছেন আরও বেশ কিছু ক্ষেত্রে। ‘স্পটলাইট ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটা অনুষ্ঠান ব্যবস্থাপনার প্রতিষ্ঠান গড়ে তুলেছি আমরা। সেটা এখন বেশ ভালো করছে। টিনড্রাম নামে একটা রেকর্ডিং স্টুডিও আছে। এখানে গড়ে তুলব সম্পাদনা প্যানেল।’ জানালেন তিনি।বাবা গড়ে দিয়েছেন ক্ষেত্রটা। তবে মা নাঈমা আলী তাঁকে শিখিয়েছেন লড়াই করে জিততে। মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সংগীত শিল্পী। ‘মা সব সময় বলেন, তুমি যেটা করতে ভয় পাও, সেটা তোমার আরও বেশি করে করতে হবে। ভয়টার মুখোমুখি দাঁড়াতে হবে।’ বলেন সারা।দেখা হলে বাবা-মেয়ের এখন কাজের কথাই বেশি হয়। বাবার সঙ্গে ঘুরে বেড়ানোর পুরোনো দিনগুলো মিস করেন দুজনই।