পাঁচ অনশনকারী হাসপাতালে ভর্তি
জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে রুমী স্কোয়াডের সদস্যরা আজ শনিবারও তাঁদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। অনশনকারীদের মধ্যে আলীপ, দীপ, নিলয়, শুভ্র ও জ্যোতি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত ২৬ মার্চ রাত ১০টায় সাতজন আমরণ অনশনের সূত্রপাত করেছিলেন। পরে তাঁদের সঙ্গে আরও অনেকেই যোগ দেন। সেই অনশন কর্মসূচি আজ ৯০ ঘণ্টা পেরিয়ে গেছে।আজ অনশনস্থলে এসে সংহতি জানিয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, সুমনা সোমা, রহমান মুস্তাফিজ ও অঞ্জন রায়। তাঁরা ২৪ ঘণ্টা সংহতি অনশনও করছেন।দুর্বলতার কারণে আজ কয়েকজন অনশনকারীকে স্যালাইন দিতে হয়েছে। মানিক সূত্রধর গতকাল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আগের দিন বৃহস্পতিবার থেকেই মানিকের অবস্থা খারাপ হচ্ছিল। এর মধ্যে তাঁকে তিনবার স্যালাইন দেওয়া হয়। গতকাল সকালে উঠে দাঁড়াতে গিয়ে পড়ে যান মানিক। পরে চিকিত্সকের পরামর্শে তাঁকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।অনশনকারীরা ৬২টি মোম জ্বালিয়ে গতকাল শহীদ শাফী ইমাম রুমীর জন্মদিন পালন করেন। গণজাগরণ মঞ্চের ২১ ফেব্রুয়ারির মহাসমাবেশ থেকে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াত-শিবিরের নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ২৬ মার্চ পর্যন্ত দিনক্ষণ বেঁধে দেওয়া হয়েছিল। সরকার এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শহীদ রুমী স্কোয়াডের সাত তরুণ সাদাত হাসান, কাজী আকাশ, নাজমুল ভুঁইয়া, মানিক সূত্রধর, মেহেদী হাসান, শরিফুল আনন্দ ও রুবাইয়াত দীপ জাতীয় জাদুঘরের মূল গেটে এই অনশন কর্মসূচি শুরু করেন। গত বুধবার স্কুলশিক্ষক মোহাম্মদ আলিফ প্রধান ও সাফি নামের একজন ব্লগার এতে যোগ দেন। বৃহস্পতিবার যুক্ত হন সাকি ফারজানা, এইচ আই হামজা, স্বাগতম সাহা, নাসির মোরশেদ ও সৈয়দ ফায়েজ আহমেদ। গতকাল রাজশাহী থেকে স্কুলশিক্ষক ফারহানা ইয়াসমিন এসে অনশনকারীদের তালিকায় নিজেকে যুক্ত করেন।শহীদ রুমী স্কোয়াডের পক্ষ থেকে যে যেখানে আছেন সেখানে থেকে দুই ঘণ্টার প্রতীকী অনশন করার যে আহ্বান জানানো হয়েছিল, গতকাল তাতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। গতকাল সন্ধ্যায় অনশনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে কয়েক শ মানুষ প্রতীকী অনশন করেন।গতকাল সকালে অনশনকারীদের সঙ্গে সংহতি জানাতে এসেছিলেন ভাষা সংগ্রামী আবদুল মতিন, সন্ধ্যায় এলেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। শুক্রবার রাত ১২টায় ২৮টি সংগঠন নিয়ে গঠিত গণজাগরণ সংস্কৃতি মঞ্চ এসে যোগ দেয় অনশনকারীদের সঙ্গে। গণজাগরণ সংস্কৃতি মঞ্চের যুগ্ম আহ্বায়ক নূর বাহাদুর জানান, তাঁরা আজ রাত ১২টা পর্যন্ত শহীদ রুমী স্কোয়াডের সঙ্গে অনশন পালন করবেন। রুমী স্কোয়াডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে খুলনায়ও শুরু হয়েছে ৩৬ ঘণ্টার অনশন কর্মসূচি। শহরের শিববাড়ি মোড়ে জিয়া হলের সামনে অনশনে যোগদানকারী রুমী স্কোয়াডের সদস্যরা হলেন নাসরুম ইসলাম, ফয়সাল আফ্রিদি ও নিতাই বর্মণ।