পাঁচ আসামির খালাসের রায় আপিলে স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আলোচিত অর্ণব হত্যামামলায় মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি ও যাবজ্জীবন পাওয়া চার আসামির তিনজনকে বেকসুর খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।আজ মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি আবেদন) দায়ের করতে বলা হয়েছে।আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান, বাদীর পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও আসামিপক্ষে আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন মামলা পরিচালনা করেন।মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এ সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে।২০০০ সালের ১৮ জুন মুকুল গাজী নামের এক যুবক অর্ণবকে ডেকে নেন। এরপর আট বছরের অর্ণব নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হয়। এ ঘটনায় নিহতের চাচা নিসান চন্দ্র দাস ২১ জুন মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ২০০৭ সালের ২৮ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। এতে আসামি গোলাম ফারুক ও খলিলুর রহমানকে মৃত্যুদণ্ড এবং সাত্তার সরদার, মতিউর রহমান, সুশীল কুমার রায় ও মুকুল গাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।জানা যায়, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ (ডেথ রেফারেন্স) শুনানির জন্য হাইকোর্টে আসে। এর ওপর শুনানি শেষে ২৪ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রায় দেন।রায়ে মুকুল গাজী ছাড়া অন্য পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। বর্তমানে মৃত্যুদণ্ড পাওয়া দুজন কারাগারে এবং অন্য তিনজন জামিনে। তবে মুকুল গাজী পলাতক। হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে সরকারপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আজ এর ওপর শুনানির পর আদালত, তা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন।