পাঁচ আসামির জামিন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলার পাঁচ আসামির জামিন বাতিল করা হয়েছে। তাঁদের ১৯ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিচারিক হাকিম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল মজিদ এ আদেশ দেন। আদেশে বলা হয়, ১৯ ফেব্রুয়ারি এই আসামিরা হাজির না হলে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।ঢাকার জেলা ও দায়রা জজ আদালত থেকেই গত জানুয়ারি ও চলতি মাসের বিভিন্ন সময়ে এ মামলার পাঁচ আসামি যুবলীগের নেতা আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা, আলফাজ হোসেন, মামুন মিয়া, রিজভী আহমেদ ও আবুল কাশেম জামিন নেন। তাঁদের জামিন পাওয়া নিয়ে ১২ ও ১৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। মামলায় এ পাঁচজনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খোন্দকার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষে জামিন বাতিলের আবেদনে বলা হয়েছে, এটি ছয় বছরের শিশু অপহরণের একটি স্পর্শকাতর মামলা। আসামিরা জামিনে গিয়ে বাদীকে হুমকি দিচ্ছেন। তাঁরা বিদেশে পালিয়ে যাওয়ার এবং তদন্তকাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের জামিন বাতিল করা প্রয়োজন। শুনানি শেষে প্রত্যেকের জামিন বাতিল করেন আদালত।এক আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ওই পাঁচ আসামিকে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে জেলা ও দায়রা জজ আবদুল মজিদকে ২০ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার প্রথম আলোকে বলেন, পাঁচ আসামির জামিন বাতিল হওয়ার বিষয় হাইকোর্টকে অবহিত করা হয়েছে। আজ সোমবার তাঁদের জামিন বাতিল-সংক্রান্ত আদেশ হাইকোর্টে উপস্থাপন করা হবে।মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, পরাগ অপহরণ মামলায় গত ২ জানুয়ারি জামিন পান আবুল কাশেম। এরপর এই অপহরণের অন্যতম পরিকল্পনাকারী জুয়েল মোল্লা ১৫ জানুয়ারি, আলফাজ ২৩ জানুয়ারি, রিজভী ২৮ জানুয়ারি ও মামুন মিয়া ৭ ফেব্রুয়ারি জামিন পান।গত বছরের ১১ নভেম্বর সকাল সোয়া সাতটার দিকে স্কুলে যাওয়ার পথে কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ার বাড়ির অদূরে গাড়িতে ওঠার সময় পরাগকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ সময় তার মা, বোন ও গাড়িচালককে গুলি করা হয়। অপহরণের ৬৪ ঘণ্টা পর ১৩ নভেম্বর রাত ১২টার দিকে কেরানীগঞ্জের আটিবাজারে অচেতন অবস্থায় পরাগকে ফেলে রেখে যাওয়া হয়। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।এই মামলায় পুলিশ ও র‌্যাব ১১ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ‘মূল পরিকল্পনাকারী’ মোক্তার হোসেন ওরফে আমিরকে গত ২৫ নভেম্বর টঙ্গী থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য চারজনের মধ্যে রয়েছেন কালা চান, মোহাম্মদ আলী রিফাত ও আল আমিন।