পাঁচ আসামির পাঁচ দিন করে রিমান্ড
সাগর-রুনি হত্যা মামলায় পাঁচ আসামিকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী আজ রোববার এ আদেশ দেন।গত বুধবার চিকিত্সক নারায়ণ চন্দ্র হত্যা মামলার পাঁচ আসামিকে সাগর-রুনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় র্যাব। আজ পাঁচজনকে আদালতে হাজির করা হয়।আসামিরা হলেন: রফিকুল ইসলাম, বকুল মিয়া, মো. সাইদ, মিন্টু ও কামরুল হাসান ওরফে অরুণ। শুনানি শেষে তাঁদের পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। গত মঙ্গলবার চমক দেওয়া সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জানান, সাগর-রুনি হত্যা মামলায় সাতজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: রফিকুল ইসলাম, বকুল মিয়া, মো. সাইদ, মিন্টু, কামরুল হাসান ওরফে অরুণ, সাগর-রুনির ভাড়া বাসার নিরাপত্তা প্রহরী পলাশ রুদ্র পাল এবং নিহত দম্পতির বন্ধু তানভীর রহমান। তাঁদের মধ্যে প্রথম পাঁচজনই গত আগস্টে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের চিকিত্সক নারায়ণ চন্দ্র হত্যার ঘটনায় র্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হন।৯ অক্টোবর গ্রেপ্তার হওয়া তানভীর ও পলাশ রুদ্রকে গতকাল মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার জাফর উল্যাহ। আদালত তাঁদের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।