বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মৃত্যু পরোয়ানা লাল খামে ভরে গতকাল রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর দুপুর একটা ৩৫ মিনিটে মৃত্যু পরোয়ানাগুলোতে সই করে কারাগারে পাঠানোর আদেশ দেন।আদালতের বেঞ্চ সহকারী কমল কান্তি পাল, পিয়ন মোহাম্মদ আলী হোসেন ও কনস্টেবল তাজুল ইসলাম পুলিশি পাহারায় বিকেল তিনটার দিকে পরোয়ানাগুলো কারা কর্তৃপক্ষের কার্যালয়ে পৌঁছে দেন।সূত্র জানায়, জেলা ও দায়রা জজ নাকি মহানগর দায়রা জজ মৃত্যু পরোয়ানায় সই করবেন—আইনি এই বিতর্কের কারণে গত ২৩ ডিসেম্বর পরোয়ানায় সই-প্রক্রিয়া থেমে যায়। এক মাস অবকাশকালীন ছুটির পর গতকাল আদালত খোলা হয়। জেলা ও দায়রা জজ আবদুল গফুর ১৯৭৬ সালের ফৌজদারি কার্যবিধির সংশোধন অধ্যাদেশের ৩(২) ধারাবলে মৃত্যু পরোয়ানায় সই করেন। আদালত এই পরোয়ানা জারির আলোকে আসামিদের ফাঁসি কার্যকর করার নির্দেশ দেন। বিচারক প্রথমে আসামি বজলুল হুদা; এরপর পর্যায়ক্রমে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, এ কে এম মহিউদ্দিন (ল্যান্সার) ও মুহিউদ্দিনের মৃত্যু পরোয়ানায় সই করেন।সরকারপক্ষের আইনজীবী খন্দকার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, বিচারক মৃত্যু পরোয়ানায় সই করার পর তা লাল খামে ভরে ঢাকার সিনিয়র জেল সুপারের কাছে পাঠানো হয়েছে। এখন কারা কর্তৃপক্ষ কারাবিধির ৯৩১ বিধি অনুযায়ী আসামিদের ফাঁসি কার্যকর করার বিষয়ে পদক্ষেপ নেবে। তিনি বলেন, ১৯৯৮ সালে জেলা ও দায়রা জজ এ মামলায় রায় দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী জেলা ও দায়রা জজ আসামিদের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করবেন এবং জেল সুপার বরাবরে পাঠিয়ে দেবেন। মৃত্যু পরোয়ানা গ্রহণের দিন থেকে ২১ দিনের পরে এবং ২৮ দিনের মধ্যে জেল কর্তৃপক্ষ আসামিদের ফাঁসির দণ্ড কার্যকর করবেন। তবে আসামিরা যদি আপিল বিভাগের রায়ের ব্যাপারে রিভিউ আবেদন করেন, তাহলে পরোয়ানার কার্যক্রম স্থগিত থাকবে। রিভিউ আবেদন নিষ্পত্তির পর আসামিদের মৃত্যু পরোয়ানা কার্যকর করা হবে।ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় কারাগারে আটক পাঁচ আসামির মৃত্যু পরোয়ানায় সই হওয়ায় আইনজীবীরা শুকরিয়া আদায় করেছেন এবং দ্রুত দণ্ড কার্যকর করার দাবি জানিয়েছেন।গত বছরের ১৯ নভেম্বর আপিল বিভাগ এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির আপিল আবেদন খারিজ করে তাঁদের মৃত্যুদণ্ড বহাল রাখেন। ১৭ ডিসেম্বর আপিল বিভাগের পাঁচ বিচারপতি মামলার পূর্ণাঙ্গ রায়ে সই করেন। পরদিন রায়ের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজি (প্রিজন), হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগ, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং অ্যাটর্নি জেনারেল বরাবর পাঠানো হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকার জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুল বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণা করেন।