চট্টগ্রাম দক্ষিণ জেলার চারটি উপজেলা ও একটি পৌরসভায় বিএনপির পাল্টাপাল্টি কমিটি হয়েছে। আলাদাভাবে বিএনপির জেলা ও কেন্দ্র এসব কমিটির অনুমোদন দিয়েছে। জেলা কমিটির অভিযোগ, তারা আগে এই পাঁচটি সাংগঠনিক ইউনিটে কমিটি করেছে। অথচ দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে পরে আবার কেন্দ্র থেকে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অন্য পক্ষ দাবি করছে, জেলা কমিটি এখনো কেন্দ্র থেকে অনুমোদন পায়নি। সুতরাং কেন্দ্র থেকে এসব কমিটি করার পূর্ণ এখতিয়ার আছে।বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার বলেন, ‘উপজেলা বা পৌর বিএনপির অনুমোদন দেওয়ার এখতিয়ার কেবল জেলা কমিটির। একইভাবে উপজেলা কমিটি ইউনিয়ন কমিটির এবং ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটির অনুমোদন দেবে। জেলা কমিটির অনুমোদন কেন্দ্র থেকে দেওয়া হয়। এর বাইরে কিছু হলে তা অবৈধ ও অগঠনতান্ত্রিক বলে বিবেচিত হবে।’ বিএনপির নতুন গঠনতন্ত্রের ১০ থেকে ১২ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সাংগঠনিক কাঠামোর গঠনপ্রণালী পড়ে গোলাম আকবরের বক্তব্যের প্রমাণ পাওয়া গেছে। দলীয় সূত্র জানায়, গত ১৬ নভেম্বর সাতকানিয়া উপজেলা ও পৌরসভা, ১৯ নভেম্বর আনোয়ারা, ২০ নভেম্বর পটিয়া ও ১৭ ডিসেম্বর চন্দনাইশের কমিটি অনুমোদন দেয় সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দক্ষিণ জেলা কমিটি। এর মধ্যে আনোয়ারায় মোশাররফ হোসেনকে সভাপতি ও মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক, পটিয়ায় ইদ্রিস মিয়াকে সভাপতি ও খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক, চন্দনাইশে নুরুল ইসলামকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক, সাতকানিয়ায় শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে সভাপতি ও এহসানুল মাওলাকে সাধারণ সম্পাদক এবং সাতকানিয়া পৌরসভায় মাহমুদুর রহমানকে সভাপতি ও নওয়াব মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি।কিন্তু গত ৬ ডিসেম্বর বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে আনোয়ারা ও পটিয়ায় এবং ১৪ জানুয়ারি স্বাক্ষরিত আরেক চিঠিতে চন্দনাইশ, সাতকানিয়া উপজেলা ও পৌরসভার নতুন কমিটি ঘোষণা হয়। এর মধ্যে পটিয়ায় আবদুল জলিলকে সভাপতি ও মাহমুদুল হককে সাধারণ সম্পাদক, আনোয়ারায় শাহজাহান চেয়ারম্যানকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক, চন্দনাইশে আবু তাহের চৌধুরীকে সভাপতি ও এম এ হাসেম রাজুকে সাধারণ সম্পাদক, সাতকানিয়ায় আবদুল গাফফার চৌধুরীকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং সাতকানিয়া পৌরসভায় মোহাম্মদ রফিককে সভাপতি ও শওকত আলী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে এসব কমিটি করা হয়। একই সঙ্গে জেলার অনুমোদন দেওয়া কমিটি বাতিল করা হয়।দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম বলেন, ‘সম্মেলনের মাধ্যমে আমরা দক্ষিণের প্রতিটি উপজেলা ও পৌরসভার কমিটি করেছি। তবে আমার জেলায় নতুন কমিটি করে কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে আমি গঠনতন্ত্র অনুসরণের কথা বলব।’ দক্ষিণ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী শাহজাহান জুয়েল দাবি করেন, ‘দক্ষিণ জেলা কমিটি এখনো কেন্দ্রের অনুমোদন পায়নি। সে ক্ষেত্রে উপজেলা ও পৌর কমিটির অনুমোদন দেওয়ার ক্ষমতা কেন্দ্রের আছে। এ নিয়ে বিতর্ক সৃষ্টি অহেতুক।’তবে সাংসদ জাফরুল ইসলাম বলেন, ‘বিএনপির তত্কালীন যুগ্ম সম্পাদক (এখন স্থায়ী কমিটির সদস্য) গয়েশ্বর চন্দ্র রায়ের উপস্থিতিতে আমাদের জেলা কমিটির সম্মেলন হয়েছে। ইতিমধ্যে কেন্দ্র থেকে আমাকে “সভাপতি” উল্লেখ করে কার্ডও পাঠানো হয়েছে। কমিটির অনুমোদন মেলেনি বলে বিতর্ক সৃষ্টি কাম্য নয়।’ জেলা কমিটির অনুমোদন পাওয়া চন্দনাইশ উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী আমি চন্দনাইশ উপজেলার সভাপতি। ৩৫৬ জন কাউন্সিলরের উপস্থিতিতে ১৭ ডিসেম্বর সম্মেলনে আমাকে সভাপতি নির্বাচিত করা হয়। কেউ চন্দনাইশে নিজেদের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করলে সেটা হবে পকেট কমিটি, যা অবৈধ ও অগঠনতান্ত্রিক।’ নাম প্রকাশে অনিচ্ছুক জেলার অনুমোদন পাওয়া আরেক উপজেলার নেতা অভিযোগ করেন, কেন্দ্র থেকে যাঁদের অনুমোদন দেওয়া হয়েছে তাঁদের সবাই স্থায়ী কমিটির বিতর্কিত একজন সদস্যের অনুসারী।’ কেন্দ্র থেকে অনুমোদন পাওয়া চন্দনাইশের সাধারণ সম্পাদক এম এ হাশেম পাল্টা অভিযোগ করেন, ‘নৌকা ও এলডিপি মার্কা লোকজনকে নিয়ে জাফরুল কমিটি করেছেন।’ তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘জাফরুল নিজে দক্ষিণ জেলার সভাপতি হিসেবে কোন তারিখে অনুমোদন পেয়েছেন, সেটা কি তিনি বলতে পারবেন? আসলে ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামে প্রস্তুত থাকার অংশ হিসেবে মহাসচিব আমাদের কমিটির অনুমোদন দেন।’