পাঁচ কিশোরের প্রাণও পারেনি ভটভটি থামাতে
‘সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা এখনো মানুষ ভুলতে পারেনি। মৃতদের আত্মীয়স্বজনের চোখের পানি এখনো থামেনি। কত আন্দোলন হলো ভটভটি চলাচল বন্ধের দাবিতে। আশ্বাসও মিলল। কিন্তু অদৃশ্য কারণে তা আজও বন্ধ হলো না, বরং আগের চেয়ে আরও চলাচল বেড়েছে ভটভটির।’ বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল-বড়িয়ারহাট সড়কে আবারও অবৈধ ভটভটি চলাচল শুরু করায় ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন স্থানীয় ইয়াছিন আলী। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আরও বড় দুর্ঘটনা ঘটলে তারপর হয়তো প্রশাসনের টনক নড়বে।ইয়াছিন আলী জানান, উপজেলার সৈয়দপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের একদল ছাত্র ভটভটিতে চড়ে গত ১১ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিতে উপজেলার মোকামতলার কেন্দ্রে যাচ্ছিল। কেন্দ্রের অদূরে বগুড়া-রংপুর মহাসড়কের কাশিপুরে ভটভটিটি পৌঁছালে রংপুরগামী একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে নিহত হয় পাঁচ পরীক্ষার্থীসহ ছয়জন।এ ঘটনায় এলাকাবাসী ভটভটি চলাচল নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও মিছিল-মিটিং করে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের হস্তক্ষেপে এলাকায় ভটভটি চলাচল বন্ধ হয়। কিন্তু ১০ দিন না পেরোতেই আবার দোর্দণ্ডপ্রতাপে চলতে শুরু করেছে অবৈধ ভটিভটি।এলাকার সাবেক চেয়ারম্যান হাফিজার রহমান বলেন, মর্মান্তিক ওই ঘটনার পর কয়েক দিন সড়কটিতে ভটভটিগুলোর চলাচল বন্ধ ছিল। কিন্তু সেটা আর স্থায়ী হয়নি। সড়কটিতে ভটভটি চলাচল বন্ধ না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।ভটভটি বন্ধের দাবিতে হওয়া আন্দোলনের সঙ্গে জড়িত জাহাঙ্গীর আলম বলেন, আন্দোলন করে কোনো লাভ হয়নি। এলাকার মানুষ গরিব। তাদের কথা চিন্তা করে কঠোর কোনো পদক্ষেপ নেওয়া যায়নি।নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, প্রশাসনের পক্ষ থেকে ভটভটি চলাচল বন্ধের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু ওই সব যান কীভাবে এখনো চলছে, তা বুঝতে পারছেন না তিনি।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী বলেন, ওপর থেকে তাঁকে শুধু মহাসড়কে ভটভটি চলা বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সংযোগসড়কের এ যানগুলোর চলাচল বন্ধের ব্যাপারে এখনো কোনো নির্দেশনা তিনি পাননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান জানান, বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় তুলেছিলেন। তার পরও ওই সড়কে ভটভটি চলাচল বন্ধ না হওয়াটা দুঃখজনক।