পাঁচ কেন্দ্রে ভোট গ্রহণ নিয়ে বিএনপির আপত্তি
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৬৭৩টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণের পরিবেশ নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। কেন্দ্রগুলো হলো বায়েজীদ থানার শিক্ষা বোর্ড বিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট, ফতেহাবাদ থানার ফতেহাবাদ কলেজ ও শহরের নাসিরাবাদ হাইস্কুল কেন্দ্র। এসব কেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছে তারা। পূর্ব নাসিরাবাদ আবদুল জলিল কেন্দ্রে ভোটারদের যেতে বাধা দেওয়ার অভিযোগও করে বিএনপি। ঢাকায় বিএনপির নির্বাচন পর্যবেক্ষণ সেল থেকে তিন দফা সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করা হয়। বিএনপির দপ্তর সম্পাদক রিহভী আহমেদ অভিযোগগুলো করেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন কমিশনেও তাঁরা অভিযোগগুলো করেছেন। বেলা পাঁচটায় আবার সংবাদ সম্মেলন করে সার্বিক দিক তুলে ধরার কথা থাকলেও সে সংবাদ সম্মেলন আর করেনি বিএনপি।এদিকে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বিএনপির অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। ঢাকায় নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। কোথাও কোনো প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়া হয়নি।বিএনপির অভিযোগ, চট্টগ্রামের পুলিশ সুপার জেড এম মোর্শেদের উপস্থিতিতে ফতেহাবাদ কলেজ কেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত প্রার্থী মনজুর আলমের (আনারস মার্কা) এজেন্টদের বের করে দেওয়া হয় এবং ভোটারদের ভয়ভীতি দেখানো দেখানো হয়েছে।বেলা সোয়া ১১টার দিকে সংবাদ সম্মেলন করে রিজভী আহমেদ অভিযোগ করেন, বায়েজীদ থানার পলিটেকনিক কেন্দ্র ও নাসিরাবাদ হাইস্কুল কেন্দ্র থেকে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।দুপুর সোয়া ১২টার দিকে সংবাদ সম্মেলন করে রিজভী আহমেদ পুলিশের বিরুদ্ধে আনারস মার্কার পক্ষের ভোটারদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ করেন। তিনি বলেন, অভিযোগ করেন, চট্টগ্রাম মেট্রো-গ-১১-১৪৬৪ মাইক্রোবাসে করে পুলিশের পোশাকপরা লোকজন ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রে গিয়ে মনজুরের সমর্থকদের ভয়-ভীতি দেখিয়েছে।সকালে মনজুর আলম সাংবাদিকদের কাছে আলাপকালে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী আহমেদ বলেন, ‘নির্বাচন আরও ভালো হবে বলে আমরা আশা করেছিলাম।’বিকেল তিনটায় করা সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ চট্টগ্রামের পুলিশ সুপারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন। তাঁর অভিযোগ, পুলিশ সুপার জেড এম মোর্শেদ ফতেহাবাদ কলেজ কেন্দ্রে গিয়ে সন্ত্রাস করে ভোটারদের ভয়-ভীতি দেখিয়েছেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে অভিযোগটি স্পষ্ট করে বলতে বললে তিনি বলেন, এই কেন্দ্র থেকে মনজুর আলমের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট গ্রহণ হয়েছে ৬৭৩টি কেন্দ্রে। এর মধ্যে বিএনপি অভিযোগ করেছে মাত্র পাঁচটি কেন্দ্র নিয়ে। তার মানে নির্বাচন নিয়ে বিএনপির বড় ধরনের কোনো অভিযোগ নেই কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে রফিকুল ইসলাম মিয়া বলেন, ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না। অনেক সময় সব অভিযোগ পেতে পেতে রাত হয়ে যায়। এ কারণে তখন পর্যন্ত তিনি সার্বিক কোনো মন্তব্য করতে রাজি হননি।রিজভী আহমেদ বলেন, ‘আমরা বলতে পারি, চারটি কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক নয়।’ ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা পর বিএনপির পুনরায় সংবাদ সম্মেলন করার কথা থাকলেও সেটা আর হয়নি। এর মধ্যে কিছু কেন্দ্রের ফল আসতে শুরু করে। এতে দেখা যায়, আওয়ামী লীগ-সমর্থিত এ বি এম মহিউদ্দিন চৌধুরী বিএনপি-সমর্থিত মনজুর আলমের চেয়ে অনেক ভোটে এগিয়ে আছেন। এ পর্যায়ে বিএনপির নেতারা জানান, তাঁদের কাছে সংবাদ সম্মেলন করার মতো কোনো তথ্য নেই। রাত আটটা পর্যন্ত সাংবাদিকদের অপেক্ষা করতে বলেন রিজভী আহমেদ।