পাঁচ কোটি টাকা মূল্যের জাল নোটসহ দুজন গ্রেপ্তার
পাঁচ কোটি বাংলাদেশি টাকা মূল্যমানের বিভিন্ন দেশের জাল নোট তৈরি করার সময় সগির আহমেদ (৫১) ও হারুন অর রশীদ মোস্তফা ওরফে চিশতি নামের দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।গতকাল সোমবার বিকেলে লালবাগের শহীদনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে লালবাগ থানায় একটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার ডিবি পুলিশের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ২১৭/৪ শহীদনগরের একটি সাততলা ভবনের ছয়তলায় অভিযান চালায়। এ সময় সগির আহমেদ মিয়ানমার, যুক্তরাষ্ট্র, ওমান, ভারত ও বাংলাদেশের জাল নোট তৈরি করছিলেন। পরে তাঁকে ও তাঁর সহযোগী হারুনকে গ্রেপ্তার করা হয়।তাঁদের কাছ থেকে জাল নোট তৈরির সরঞ্জাম, ল্যাপটপ, জাল রেভিনিউ স্ট্যাম্প ও প্রাইজবন্ড উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের সহকারী কমিশনার গোলাম আজাদ খান বলেন, গ্রেপ্তার হওয়া দুজন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তাঁরা দেশি-বিদেশি জাল নোট তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।