পাঁচ খুনির দাফন গ্রামের বাড়িতে
কঠোর নিরাপত্তা, ধিক্কার এবং কোথাও স্থানীয় প্রতিরোধের মুখে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধুর পাঁচ খুনি সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার) ও মুহিউদ্দিনের (আর্টিলারি) দাফন নিজ নিজ গ্রামে সম্পন্ন হয়েছে।মহিউদ্দিন আহমেদ ও মুহিউদ্দিনের মরদেহ পটুয়াখালীর গলাচিপায় তাঁদের গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন প্রতিরোধের চেষ্টা করে। নওগাঁয় সৈয়দ ফারুক রহমানের মরদেহ বহনকারী গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে জনতা। এ অবস্থায় সকাল সাতটা ২৫ মিনিট থেকে বিকেল চারটা পাঁচ মিনিটের মধ্যে পাঁচজনের মরদেহ দাফন করা হয়। মরদেহ আসার খবর পেয়ে স্থানীয় উত্সুক জনতা দণ্ডপ্রাপ্তদের বাড়িতে ভিড় করে। কোথাও কোথাও স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন আনন্দ মিছিল করেছে।সৈয়দ ফারুক রহমান: তাঁর মরদেহ সকাল ১০টার দিকে গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার মারমা মল্লিকপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় তাঁর মা মাহমুদা রহমান, বোন সৈয়দ ইয়াছমিন রহমান ও ভগ্নিপতি আশফাকুর রহমানসহ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) শফিকুল ইমলামসহ পুলিশ ও র্যাবের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন।ফারুক রহমানের স্বজনেরা জানায়, ঢাকা থেকে মৃত্যুদণ্ড কার্যকরের খবর পেয়ে তারা রাতেই স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে কবর প্রস্তুত করে রাখে। সকাল নয়টার দিকে পুলিশ ও র্যাবের সদস্যদের কড়া নিরাপত্তায় ঢাকা থেকে লাশ এসে পৌঁছায়। ফারুকের স্ত্রী ফরিদা পারভিনসহ তাঁর দুই ছেলে ও দুই মেয়ে বিদেশে থাকেন।ফারুক রহমানের মরদেহ বহনের দায়িত্বে ছিলেন রাজধানীর লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ফারুকের আত্মীয় আসাদুর রহমান মরদেহ গ্রহণ করেন। লাশ হস্তান্তরের পরপরই মল্লিকপুর পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা হয়। জানাজা পড়ান মসজিদের ইমাম এ টি এম আবদুল কাইয়ুম। জানাজা শেষে স্বজনদের মৃতের মুখ দেখানো হয়।মরদেহ বহনের দায়িত্বে থাকা র্যাবের একজন সদস্য জানান, লাশ নিয়ে সকাল সাড়ে আটটার দিকে নওগাঁ শহর পার হওয়ার সময় বিচ্ছিন্নভাবে দু-একটি জায়গা থেকে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের একটি কাচ ভেঙে যায়।ফারুকের লাশ দাফনের পর স্থানীয় আদালত প্রাঙ্গণে আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা আনন্দ মিছিল করেন।সুলতান শাহরিয়ার রশিদ খান: ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাত দুইটা ৫০ মিনিটে পুলিশের একটি দল সুলতান শাহরিয়ার রশিদ খানের মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবার উদ্দেশে রওনা হয়। আর রাত একটা থেকে কসবার গোপীনাথপুরে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি শুরু হয়। সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) নিকুলিন চাকমার নেতৃত্বে পুলিশ সেখানে উপস্থিত ছিল।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান জানান, ভোর সাড়ে ছয়টায় শাহরিয়ার রশিদের মরদেহ বাড়িতে পৌঁছায়। পৌনে সাতটায় ছেলে আশরাফ রশিদ খান বাবার মরদেহ গ্রহণ করেন। কবরস্থানের পাশে উঁচু টিলায় সাতটা ২০ মিনিটে জানাজা হয়। জানাজা পড়ান গোপীনাথপুর গ্রামের হাফেজ মোখলেছুর রহমান। সকাল সাতটা ২৫ মিনিটে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরদেহ একনজর দেখার জন্য গ্রামের কয়েক শ লোক সেখানে ভিড় করে। শাহরিয়ার রশিদের বাবা হারুন অর রশিদ খান বার্ধক্যজনিত কারণে অসুস্থ। ছেলের মরদেহ দেখলেও কিছু বলেননি তিনি।মরদেহ দাফনের সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. হাইউল কাইউম, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ কবীর, আখাউড়া থানার (ওসি) হাম্মাদ হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন শাহরিয়ার রশিদের স্ত্রী মাসুহারা খান, ছেলে আশরাফ রশিদ খান, মেয়ে শেহনাজ রশিদ ও ছোট ভাই হেলাল খান।শাহরিয়ার রশিদের ফাঁসি কার্যকর হওয়ায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ যৌথভাবে গতকাল দুপুরে কসবা পৌর শহরে আনন্দ মিছিল করে।বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি কার্যকর হওয়ায় আনন্দ প্রকাশ করে কসবার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকরাম খান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি শাহরিয়ার রশিদ খানের বাড়ি গোপীনাথপুর গ্রামে। এতে আমরা কলঙ্কিত। তবে এ রায় কার্যকরের মধ্য দিয়ে কসবাবাসী কলঙ্কমুক্ত হয়েছে।’বজলুল হুদা: দুপুর দুইটায় বজলুল হুদার মরদেহ তাঁর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালিয়ায় দাফন করা হয়। এর আগে সকাল নয়টা ১০ মিনিটে অ্যাম্বুলেন্সযোগে পুলিশ ও র্যাবের পাহারায় মরদেহ বাড়িতে পৌঁছায়। গাড়িবহরের সঙ্গে ছিলেন ডিএমপির উপপরিদর্শক মইনুল হোসেন, র্যাব-১০-এর উপসহকারী পরিচালক মহিউদ্দীন ও কারারক্ষী বাসেদ। পৃথক গাড়িতে ছিলেন বজলুল হুদার স্ত্রী নাফিজা হুদা, মেয়ে আনিতা হুদা, বড় ভাই কামরুল হুদা ও ছোট ভাই নুরুল হুদা।চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আবদুল মতিন জানান, উপপরিদর্শক মইনুল হোসেনের কাছ থেকে মরদেহ গ্রহণ করেন মেজো বোন মাহফুজা পাশা ও ছোট ভাই নুরুল হুদা। উত্সুক জনতার দেখার জন্য মরদেহ হাটবোয়ালিয়া হাইস্কুল মাঠে রাখা হয়।দুপুর ১২টায় হাইস্কুল ময়দানে প্রথম জানাজা হয়। দুইটায় পার্শ্ববর্তী নগর বোয়ালিয়া গ্রামের ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।এর আগে দাফনের সময় নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বজলুল হুদার পরিবারের সদস্যদের বাগিবতণ্ডা হয়। জেলা আওয়ামী লীগ দুপুর ১২টায় আনন্দ মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান ও পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।এ কে এম মহিউদ্দিন আহমেদ ও মুহিউদ্দিন: দুই খুনির মরদেহ আসার খবর পেয়ে সকাল থেকেই গলাচিপা উপজেলা সদরসহ তাঁদের বাড়িতে উত্তেজিত জনতার ভিড় বাড়তে থাকে। গ্রামবাসী ঝাড়ু নিয়ে ঘৃণা ও বিক্ষোভ দেখায়।দুপুর আড়াইটায় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম, র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর রাজিব আমিন, সহকারী পুলিশ সুপার নুরে আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ দল এ কে এম মহিউদ্দিন আহমেদের মরদেহ নিয়ে গলাচিপার রাঙ্গাবালী ইউনিয়নের নেতা গ্রামে পৈতৃক বাড়িতে পৌঁছান।এ সময় স্থানীয় জনতাসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। বিক্ষোভকারীরা ‘খুনিদের জানাজা এই গ্রামে হবে না, খুনিদের দাফন এই গ্রামে হবে না’ বলে স্লোগান দিতে থাকে। এ সময় র্যাব ও পুলিশ সদস্যদের পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে মহিউদ্দিনের মরদেহ তাঁর চাচাতো ভাই শহিদুল আলমের কাছে হস্তান্তর করেন। জানাজার পর বাবার কবরের পাশে দাফন সম্পন্ন হয়।চাচাতো ভাই শহিদুল আলম জানান, মহিউদ্দিনের স্ত্রী হোসনে আরা মহিউদ্দিন ঢাকায়ই তাঁর স্বামীর মরদেহ চেয়েছিলেন। কিন্তু প্রশাসনের লোকজন তাঁর কাছে হস্তান্তর না করায় এখানে মরদেহ গ্রহণ করতে হয়েছে।এদিকে আর্টিলারি মুহিউদ্দিনের কফিন স্পিডবোটে করে বেলা পৌনে তিনটায় উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের নিজকাটা স্লুইস ঘাটে এসে পৌঁছায়। এ সময় বিক্ষুদ্ধ জনতা খুনিদের বিরুদ্ধে স্লোগান দেয়।মরদেহের সঙ্গে ছিলেন এনডিসি জাকির হোসেন, র্যাব-১০-এর ডিআইডি মো. শহিদ, র্যাব-৮-এর এএসপি জাকির হোসেন, এএসপি (কলাপাড়া সার্কেল) মো. মহিউদ্দিন, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রবিউল ইসলাম, ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাহাঙ্গীর হোসেনসহ র্যাব ও পুলিশের একটি দল।বিকেল সোয়া তিনটায় মহিউদ্দিনের ছোট ভাইয়ের স্ত্রী বিলকিস বেগম ও চাচা আবুল হোসেন মরদেহ গ্রহণ করেন। চারটা পাঁচ মিনিটে হাওলাদারকান্দা রেজি. প্রাথমিক বিদ্যালয়ে জানাজা শেষে নিজকাটা গ্রামের পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নওগাঁ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া), চুয়াডাঙ্গা, পটুয়াখালী ও গলাচিপা প্রতিনিধি]