যশোরের বেনাপোল-ঘিবা কাঁচা সড়কে বর্ষা মৌসুমে থাকে হাঁটুসমান কাদা আর শুষ্ক মৌসুমে থাকে ধুলা। এ কারণে সড়কের দুই পাশের পাঁচটি গ্রামের ২৫ হাজার মানুষ চলাচলের সময় দুর্ভোগের শিকার হচ্ছে।সরেজমিনে জানা গেছে, শার্শা উপজেলার ঘিবা, রঘুনাথপুর, মানকিয়া, সর্বাঙ্গহুদা ও সাদীপুর গ্রামের মানুষের বেনাপোল ও শার্শা বাজারে আসার একমাত্র সড়কটির অবস্থা এখন বেহাল। আট কিলোমিটার দীর্ঘ এ কাঁচা সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। পাঁচ গ্রামের হাজারখানেক শিক্ষার্থী কোদলারহাট মাধ্যমিক বিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘিবা দারুল উলুম দাখিল মাদ্রাসা, সর্বাঙ্গহুদা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও মানকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। প্রতিদিন হাঁটুকাদা ভেঙে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে হয়। একটু বৃষ্টি হলে শিক্ষার্থীরা আর বিদ্যালয়ে যেতে পারে না।এ ছাড়া গ্রামের মানুষের চিকিৎসাসেবা নিতে ওই সড়কের ওপর দিয়ে গরুর গাড়িতে করে ঘিবা কমিউনিটি ক্লিনিকে যেতে হয়। বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে যাওয়ারও একমাত্র সড়ক এটি।স্থানীয় কয়েকজন কৃষক জানান, এ অঞ্চলে ধান ও পাটের বাম্পার ফলন হলেও যোগাযোগব্যবস্থা ভালো না থাকার কারণে ফসলের ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। অনেক ধকল সামলে গরুর গাড়িতে করে এসব ফসল বেনাপোলের মোকামে নিতে হয়। অনেক সময় স্থানীয় ফড়িয়াদের কাছে কম দামে তা বিক্রি করে দিতে হচ্ছে।বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, সড়কটি পাকা করার দাবিতে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ এবং স্থানীয় সাংসদের কাছে বহুবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। ওই সড়কে ওঠার জন্য ইউনিয়ন পরিষদের বরাদ্দের টাকায় তিন কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে।এ ব্যাপারে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ শার্শার সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম প্রথম অলোকে বলেন, স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দীন পাঁচ বছর মেয়াদি যে উন্নয়ন পরিকল্পনার প্রস্তাবনা জমা দিয়েছেন, সেখানে এ সড়কের এক কিলোমিটার পাকা করার কথা বলা হয়েছে।