পাঁচ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রামসহ পূর্বাঞ্চলে রেল যোগাযোগ চালু
পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রামসহ পূর্বাঞ্চলে রেল যোগাযোগ চালু হয়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আজ সোমবার সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত রেলপথ অবরোধ করে এলাকাবাসী। রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে বিক্ষুব্ধ এলাকাবাসীর সমঝোতার পর অবরোধ তুলে নেওয়া হয়। সমঝোতা অনুযায়ী ৮ এপ্রিল থেকে খানাবাড়ী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেন যাত্রাবিরতি করবে। সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন খানাবাড়ী রেলস্টেশনে থামিয়ে রেখে রেলপথ অবরোধ করে। এ কারণে সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জসহ বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনে ট্রেন চলাচল বন্ধ থাকে। অবরোধকারীরা জানিয়েছিলেন, রায়পুরা উপজেলা শহর থেকে ঢাকামুখী সড়কের দূরত্ব ১৫ কিলোমিটার। তাই এই উপজেলার লোকজন স্থলপথের চেয়ে রেলপথেই বেশি যাতায়াত করে। বিশেষ করে খানাবাড়ী এলাকার বাসিন্দাদের ট্রেন ছাড়া গত্যন্তর নেই। কিন্তু খানাবাড়ী রেলস্টেশনে কোনো আন্তনগর ট্রেন থামে না, এমনকি তিতাস কমিউটার ট্রেনটিও নয়। ফলে খানাবাড়ী এলাকার লোকজনকে যাতায়াতের জন্য কেবল মেইল ও লোকাল ট্রেনের ওপর নির্ভর করতে হয়। এ অবস্থায় রেলওয়ে কর্তৃপক্ষের কাছে তাদের দাবি ছিল খানাবাড়ী রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া সম্ভব না হলেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও ঢাকার মধ্যে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনটি যেন থামে। ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আবদুল মোতালিব প্রথম আলোকে জানান, অবরোধ তুলে নেওয়ায় ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে অবরোধের সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন মহানগর প্রভাতী নরসিংদীর জিনারদী স্টেশনে, ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর ট্রেন পারাবত ও নোয়াখালীগামী আন্তনগর ট্রেন উপকূল নরসিংদী স্টেশনে এবং ঢাকাগামী আন্তনগর ট্রেন এগারসিন্ধুর মেথিকান্দা স্টেশনে আটকা পড়েছিল। এ ছাড়া অবরোধের ফলে বেশ কয়েকটি মেইল ও লোকাল ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকে ছিল। এতে কয়েক হাজার যাত্রী ভোগান্তির মধ্যে পড়েন।