চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়
পাঁচ ছাত্রকে বহিষ্কারের প্রতিবাদে ক্যাম্পাসে অবরোধ
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে আজীবন বহিষ্কারের প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা আজ রোববার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এ কারণে আজ বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথকেও অবরুদ্ধ করে রাখেন। পরে ঘটনাস্থলে র্যাব, পুলিশ ও দাঙ্গা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে ছাত্রলীগ ক্যাম্পাসে উপাচার্যের পদত্যাগের দাবিতে মিছিল সমাবেশ করে। এ সময় মহানগর ছাত্রলীগের একাধিক নেতা ক্যাম্পাসে উপস্থিত হয়ে তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানান। অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ে আসেননি।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক ও আজীবনের জন্য বহিষ্কৃত ছাত্র কমলকান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, উপাচার্য ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবিরকে পুনর্বাসনের জন্য ছাত্রলীগকে সমূলে বিনাশের উদ্যোগ নিয়েছেন। এ জন্য তিনি পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথ বলেন, বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবেই চলছিল। হঠাত্ ৮-১০ জন ছাত্র বিভিন্ন দাবি তুলে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে। তাদের সঙ্গে কিছু বহিরাগতও যোগ দিয়েছে। আজ জুয়েল বিল্লাহ নামের এক কর্মচারীকে মারধরও করা হয়েছে।উপাচার্য বলেন, কয়েকজন ছাত্রের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জিম্মি হতে পারেন না। আন্দোলন আর যাকে-তাকে মারধর এক কথা নয়। তিনি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।প্রসঙ্গত, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে আজীবন বহিষ্কারসহ নয়জন ছাত্রকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেন। তাঁরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।এই শাস্তি প্রত্যাহার এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রলীগ আজ থেকে ক্যাম্পাসে অবরোধ কর্মসূচি শুরু করে।