পাঁচ জামায়াত নেতার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। কাল মঙ্গলবার সকালে এ তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের কাছে দাখিল করা হবে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তদন্ত সংস্থার বেইলি রোডের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান সাংবাদিকদের এসব কথা জানান। আবদুল হান্নান খান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী নিজামীসহ চার নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এ চারজনের বিরুদ্ধে গত বছরের ২১ জুলাই থেকে তদন্ত শুরু করা হয়। চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ আজ শেষ হয়েছে। এ চারজনকে গত বছরের ২ আগস্ট গ্রেপ্তার দেখানো হয়।আবদুল হান্নান খান আরও বলেন, গোলাম আজমের বিরুদ্ধে গত বছরের ১ আগস্ট তদন্ত শুরু হয়। ট্রাইব্যুনালের নির্দেশনা না থাকলেও তাঁর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে। প্রতিবেদনে গোলাম আজমকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।