পাঁচ জিম্মির মুক্তিতে সহায়তা দেবে আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাজার-ই-শরিফে অপহূত পাঁচ বাংলাদেশির মুক্তির জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে আফগানিস্তান। অস্ত্রধারী একদল আফগান দুষ্কৃতকারী ১৭ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান সেমহোয়ান করপোরেশনের একটি অস্থায়ী শিবিরে হামলা চালিয়ে এক বাংলাদেশিকে হত্যা ও অন্য সাতজনকে জিম্মি করে। তাঁদের দুজন গতকাল রোববার মুক্তি পান। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, অপহূত পাঁচ জিম্মির মুক্তির জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে আফগান সরকারকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়। অনুরোধের পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশিদের নিরাপদে উদ্ধারের জন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এদিকে উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অপহূত পাঁচ বাংলাদেশি সুস্থ আছেন এবং এ প্রতিবেদন লেখা তাঁদের পর্যন্ত মাজার-ই-শরিফে রাখা হয়েছে। জিম্মিদের মুক্তি ও নিহত প্রকৌশলীর দেহ দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের পক্ষ থেকে আফগান কর্তৃপক্ষ ও সেমহোয়ানের কাবুল কার্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। উল্লেখ্য, ১৭ ডিসেম্বর রাতে মাজার-ই-শরিফে অবস্থিত সেমহোয়ানের অস্থায়ী শিবিরে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় কয়েকজন আফগান দুষ্কৃতকারী। সে সময় আন্দখই সড়ক প্রকল্পে কর্মরত ১৭ জন বাংলাদেশি শ্রমিক শিবিরটিতে অবস্থান করছিলেন। হামলার সময় দুষ্কৃতকারীদের গুলিতে প্রাণ হারান এসফল্ট প্ল্যান্টে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী কাজী আলতাফ হোসেন। নিহত আলতাফ পাবনা জেলার অধিবাসী। ওই সময় পালিয়ে যান নয়জন বাংলাদেশি। দুষ্কৃতকারীরা পরে অস্ত্রের মুখে জিম্মি করে অন্য সাতজনকে। সাত বাংলাদেশি জিম্মির মধ্যে দুষ্কৃতকারীরা গতকাল দুজনকে ছেড়ে দেয়।