পাঁচ জেলার ওসিদের রদ-বদলের নির্দেশ
পাঁচ জেলার ৩২ পৌরসভা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) জেলার ভেতরেই রদ-বদলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ওসি নির্বাচনে অবৈধ প্রভাব খাটাতে পারেন আশঙ্কা করে কমিশন এই নির্দেশ দিয়েছে।আজ রোববার কমিশন থেকে স্বরাষ্ট্রসচিব ও পুলিশ মহাপরিদর্শকের কাছে এ ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে। পৌরসভাগুলো হলো নোয়াখালী সদর, সেনবাগ, চৌমুহনী, চাটখিল, কবিরহাট, বসুরহাট ও হাতিয়া; লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ ও রামগতি; ফেনী সদর, সোনাগাজী ও পরশুরাম; চট্টগ্রামের বারৈয়ারহাট, মিরসরাই, রাউজান, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী; টাঙ্গাইল সদর, কালিহাতী, মির্জাপুর, সখীপুর, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ভুয়াপুর ও ঘাটাইল।কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল বাতেন প্রথম আলোকে জানান, দায়িত্বপ্রাপ্ত ওসিরা দীর্ঘদিন ধরে ওইসব থানায় কাজ করছেন বলে তাঁরা নির্বাচনে প্রভাব খাটাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তা ছাড়া সংশ্লিষ্ট ওসিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগও ইসির কাছে রয়েছে।