পাঁচ দিন পর ভেসে উঠল শ্রমিকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে মাটিবাহী বলগেট ডুবে যাওয়ার পাঁচ দিন পর ভেসে উঠেছে নিখোঁজ সর্বশেষ শ্রমিকের লাশ। আজ রোববার বেলা দুইটার দিকে ফেরিঘাটের কাছাকাছি লাশটি ভেসে ওঠে। নিহত ওই শ্রমিকের নাম চাঁদ সরকার (৪৩)। তাঁর বাড়ি নাটোর জেলায়। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিখোঁজ ছয় শ্রমিকের লাশ উদ্ধার হলো। চাঁদপুর হরিণা ফেরিঘাটের কর্মচারী জাহিদুল ইসলাম জানান, ১ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে শরীয়তপুরের কোদালপুর থেকে ঢাকার ভক্তখালী যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে হরিণা ফেরিঘাটের পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে বলগেটটি ডুবে যায়। এ সময় ওই বলগেটে ৫০ জন শ্রমিক ছিলেন। দুর্ঘটনায় ৪৪ জন শ্রমিক বেঁচে গেলেও ছয়জন নিখোঁজ ছিলেন। ওই দিন প্রায় ১৩ ঘণ্টা পর বলগেটটি উদ্ধার করা হয়। এর ভেতর থেকে পাঁচটি লাশ পাওয়া যায়। নিখোঁজ অপর শ্রমিকের লাশটি আজ ভেসে ওঠে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ প্রথম আলো ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।