পাঁচ দিন পানিতেই কাটাতে হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে প্রতিদিনের ধারাবাহিক নাটক গহীনে। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। এতে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ। কথা হলো তাঁর সঙ্গে। ঢাকার বাইরে নাকি?হ্যাঁ, ধামরাইতে। এখানে আফসানা মিমির পৌষ ফাগুনের পালা নাটকের শুটিং করছি। ‘গহীনে’ ধারাবাহিকটি নিয়ে কিছু বলুন।অসাধারণ একটি গল্প। নাটকটির দুটি দিক রয়েছে। একটি বর্তমান এবং অন্যটি অতীত। একটু অন্যভাবে নাটকের চিত্রনাট্য তৈরি করা হয়েছে। তাই আগে থেকে কিছু বলতে চাইছি না, তাতে হয়তো আকর্ষণটাই নষ্ট হয়ে যাবে। আমি বিশ্বাস করি, যারা নাটকটি দেখবে, তাদের সবার অসম্ভব ভালো লাগবে। এটা এমনভাবে নির্মিত হচ্ছে, যদি কেউ একটি পর্ব মিস করে, তাহলে পরবর্তী পর্ব সহজে বুঝতে পারবে না। নাটকে আপনার চরিত্রটি নিয়ে বলুন।আমার চরিত্রের নাম জামালউদ্দিন; পরিবারের প্রধান কর্তাব্যক্তি। স্ত্রী, ছেলে ও দুই বোন নিয়ে তার সংসার। জামালউদ্দিন বাড়ি ছেড়েছিল কবে, সেটাও তার মনে নেই। দেখা যাবে জামালউদ্দিনের সময়ের কোনো হিসাবই মিলছে না। সময়ের হিসাব না মিললেও কথা আর ঘটনা সবই মনে আছে তার। নাটকে জামালউদ্দিনের গল্প শুরু হয় ফিরে পাওয়া জল আর মাঝির সঙ্গে।এই নাটকে কাজ করতে গিয়ে উল্লেখযোগ্য কোনো ঘটনার কথা মনে পড়ে?গহীনে নাটকে কাজ করাটাই আমার জন্য উল্লেখযোগ্য ঘটনা। আমরা কাজ করেছি সিলেটের হাওরাঞ্চলে। এখানে বৃষ্টির মধ্যে আর পানির ওপর শুটিং করেছি। সিলেটে লালা খালে আমাকে আর সুবর্ণাকে টানা পাঁচ দিন পানির ওপরই কাটাতে হয়েছে। এ ছাড়া গাজীপুরের একটা বিলে শুটিং করার সময় আমি আর সুবর্ণা তিন দিন পানির ওপর কাটিয়েছি। ইদানীং কোনো চলচ্চিত্রে কাজ করছেন?অনুদানের একটি চলচ্চিত্রে কাজ করেছি। নাম একই বৃত্তে। এটি পরিচালনা করেছেন কাজী মোরশেদ। শুটিং-ডাবিং সবকিছুই শেষ হয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষা। বিনোদন প্রতিবেদক