পাঁচ দিন বন্ধ থাকার পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক সমস্যার কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন এক হাজার ৪০০ মেট্রিক টন করে উত্পাদন ব্যাহত হয়।কারখানার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, গত বৃহস্পতিবার ভোরে যান্ত্রিক সমস্যার কারণে কারখানার ইউরিয়া প্লান্টে উত্পাদন বিপর্যয় ঘটে। এরপর কারখানার নিজস্ব প্রকৌশলীরা একটানা কাজ করে আজ সকাল সাড়ে সাতটা থেকে আবার উৎপাদনে যেতে সক্ষম হন।বিক্রয় বিভাগ জানায়, চলতি অর্থবছরে কারখানায় ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৮০ হাজার মেট্রিক টন। আর এখন পর্যন্ত উৎপাদন হয়েছে সাত হাজার ৭১২ মেট্রিক টন। চলতি মাসে তিনবার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়ে থাকতে হচ্ছে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক উসমান গণি জানান, উৎপাদন বন্ধের পর থেকে স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ চালিয়ে যান। আজ সকালে আবার উৎপাদন শুরু হয়েছে। বিপুল পরিমাণ সার মজুদ থাকায় সংকটের কোনো আশঙ্কা নেই বলে তিনি জানান।