পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন ফারুক হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার হরতালের আগের রাতে রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের পেট্রল ঢেলে ধরিয়ে দেওয়া আগুনে দগ্ধ ফারুক হোসেন (৩০) গত বুধবার মধ্যরাতে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে তাঁকে হার মানতেই হলো। ওই ঘটনায় দগ্ধ পুরোনো মোটর যন্ত্রাংশ বিক্রেতা সুমন এখন বার্ন ইউনিটে কাতরাচ্ছেন।হরতালের আগের রাতে তিন দুর্বৃত্ত মগবাজার রেললাইনের অদূরে তালতলা গলির মুখে একটি প্রাইভেট কারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িতে আটকা পড়ে ফারুক মারাত্মক দগ্ধ হন। রেহাই পাননি চালকের আসনে বসা ফারুকের বন্ধু সুমনও। এতে তাঁর বাঁ-হাত, কান ও মুখ ঝলসে যায়। গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওই রাতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান ঘটনাটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছিলেন। এ কারণে পুলিশ ওই রাতে মামলাও করেনি। ওসি জানান, ফায়ার সার্ভিসের তথ্যে পুলিশ বিভ্রান্ত হওয়ায় মামলা নেয়নি। পরদিন বিএনপির নেতা মির্জা আব্বাসসহ জামায়াতের পাঁচ শীর্ষ নেতাকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। তিনি বলেন, ওই পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মর্গে ফারুকের ভাই মোহাম্মদ সেলিম জানান, ‘আমার ভাই কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। তাহলে আমাদের কেন এই নৃশংস রাজনীতির শিকার হতে হলো।’ তিনি সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন।ফারুক সপরিবারে ১৩৩/১/এ গেণ্ডারিয়ার ডিস্ট্রিলারি রোডে থাকতেন। তাঁর বাবা মৃত মকবুল হোসেন। তিনি অবিবাহিত ছিলেন। গেন্ডারিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন বন্ধু সুমনের সঙ্গে প্রাইভেট গাড়িতে তিনি পুরাতন যন্ত্রাংশ বিক্রির টাকা আদায়ে বের হয়েছিলেন।