পাঁচ দিনের রিমান্ডে চার সন্দেহভাজন জঙ্গি
কক্সবাজারে আটক সন্দেহভাজন চার জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ সোমবার শুনানির পর কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সমরেশ শীল এই রিমান্ড মঞ্জুর করেন।এর আগে কক্সবাজারের পুলিশ চার জঙ্গিকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে।গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত কক্সবাজার শহরের লালদীঘি, বাস টার্মিনাল ও বাহারছড়া এলাকা থেকে আবদুল্লাহ ওরফে আবদুল্লা হেল কাফি (২৫), ওমর ফারুক ওরফে কাজী ফারুক (৩৩), মো. রুবেল (১৮) ও আবদুল মতিনকে (৩৭) আটক করা হয়।কাফির বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুরগিডাঙ্গা গ্রামে, ওমর ফারুকের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পুরাতন বাজারে, মতিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার কুশমাইল গ্রামে আর রুবেলের বাড়ি কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়ায়।এই চারজন ‘জামাআতুল আরাকান’ নামে নতুন একটি সংগঠনের সদস্য। সংগঠনটি নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একাংশ দিয়ে সংগঠিত হচ্ছে। বান্দরবান জেলার আলীকদমে দুর্গম পাহাড়ে ঘাঁটি গেড়ে দলটি উগ্রপন্থী রোহিঙ্গা জঙ্গি সংগঠনগুলো একত্র করার তত্পরতা চালাচ্ছে বলে তথ্য পেয়েছে পুলিশ। এই জঙ্গিগোষ্ঠীর কিছু সদস্য পাকিস্তান হয়ে আফগানিস্তানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানা গেছে।