পাঁচ দিনের সফরে ঢাকায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা অ্যালিসা এয়ার্স
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্র্রসচিব অ্যালিসা এয়ার্স পাঁচ দিনের সফরে আজ রোববার ঢাকায় এসেছেন। ঢাকায় মার্কিন দূতাবাস আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।বাংলাদেশ সফরের সময় তিনি সরকারের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। আগামী ২ ডিসেম্বর অ্যালিসা এয়ার্স ঢাকা ছেড়ে যাবেন। প্রথমবারের মতো বাংলাদেশ সফরের সময় তিনি মার্কিন আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) সহায়তায় পরিচালিত সমন্বিত সংরক্ষিত এলাকা সহব্যবস্থাপনা বা ‘আইপিএসি’ প্রকল্প পরিদর্শনে সিলেট যাবেন। সেখানে তিনি মার্কিন দূতাবাসের ‘এক্সচেঞ্জ প্রোগামে’ অংশগ্রহণকারীদের সঙ্গে দেখা করবেন। উল্লেখ্য, অ্যালিসা এয়ার্স এ বছরের আগস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী সচিব হিসেবে যোগ দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের সঙ্গে সম্পর্কের সমন্বয় করে থাকে পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিভাগ। মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেওয়ার আগে তিনি ওয়াশিংটনে আন্তর্জাতিক কৌশলগত উপদেষ্টা প্রতিষ্ঠান ম্যাকলার্টি অ্যাসোসিয়েশনে কর্মরত ছিলেন।