৫ জানুয়ারি ১৯৭১ থেকে ৩০ মার্চ ২০১১। এই ৪০ বছরে ৩১৪৭টি ওয়ানডে দেখেছে ক্রিকেট বিশ্ব। সর্বশেষ মোহালির ম্যাচটিতে এমন এক রেকর্ড হয়েছে, যেটি ভারতের ফাইনালে ওঠার ডামাডোলে হয়তো কারও চোখেই পড়েনি।এই প্রথম এক ইনিংসে বল করা সব বোলারই দুটি করে উইকেট পেয়েছেন। ভারতের পাঁচ বোলার জহির খান, আশিস নেহরা, মুনাফ প্যাটেল, হরভজন সিং ও যুবরাজ সিং প্রত্যেকেই দুটি করে উইকেট পেয়েছেন। এক ইনিংসে সব মিলে পাঁচজন বোলার ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকে দুটো করে উইকেট নিয়েছেন—এমন ঘটনা এই প্রথম ঘটল ওয়ানডে ক্রিকেটে।এক ইনিংসে পাঁচ বোলারের প্রত্যেকের ২ উইকেট পাওয়ার সব মিলে সপ্তম ঘটনা এটি। কিন্তু এর আগের ছয়টি ম্যাচে বোলারের সংখ্যা ছিল পাঁচজনের বেশি। অর্থাৎ পাঁচজন দুটো করে উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু ওই ইনিংসেই উইকেট পাননি এমন বোলারও ছিলেন। রেকর্ডটি করে ফেলতে পারত বাংলাদেশের বোলাররাই। গত বছর ব্রিস্টলে ইংল্যান্ডকে ৫ রানে হারানো ম্যাচটিতে মাশরাফি, রাজ্জাক, শফিউল, রুবেল ও সাকিব সবাই দুটি করে উইকেট পেয়েছিলেন। তবে এর মধ্যে মোহাম্মদ আশরাফুল এক ওভার করে ফেলেছিলেন। ফলে পাঁচজন বোলার দুটো করে উইকেট পেলেও ওই ম্যাচে আসলে বাংলাদেশ ব্যবহার করেছিল ছয়জন বোলারকে। ১৯৮৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পাঁচজন বোলার সর্বপ্রথম ১০ উইকেট সমান ভাগ করে নেন। সেই ম্যাচটিতেও বল করেছিলেন ৬ ওয়েস্ট ইন্ডিয়ান।