পাঁচ পিএসটিএনের লাইসেন্স বাতিল করল বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রায় দুই মাস ধরে বন্ধ থাকা পাঁচটি বেসরকারি ল্যান্ডফোন অপারেটর (পিএসটিএন) প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে। এগুলো হলো র‌্যাংকসটেল, পিপলসটেল, ন্যাশনাল ফোন, ওয়ার্ল্ডটেল ও ঢাকা ফোন। গতকাল বুধবার কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ জানান, অবৈধ বৈদেশিক কল আদান-প্রদানের কারণে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে প্রতিষ্ঠানগুলোর কাছে লাইসেন্স বাতিলের কোনো চিঠি পাঠানো হয়নি। আজ বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স বাতিলের ব্যাপারে অবহিত করে চিঠি পাঠানো হবে। জিয়া আহমেদ বলেন, অবৈধ কল আদান-প্রদানের প্রমাণ পাওয়ার পর এসব প্রতিষ্ঠানকে কারণ দর্শাতে বলা হয়েছিল। কিন্তু তারা যথাযথভাবে জবাব দেয়নি। যার ফলে তাদের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিয়া আহমেদ আরও বলেন, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডেও (বিটিসিএল) যদি কোনো অনিয়ম ধরা পড়ে, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রশাসক নিয়োগের প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ‘আদালত র‌্যাংকসটেলের বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন, তা এখনো আমরা হাতে পাইনি। হাতে পেলে আদালতের নির্দেশনা মেনে চলা হবে। একই সঙ্গে আদালতের কাছে প্রয়োজনীয় তথ্যাদিও উপস্থাপন করা হবে।’এদিকে পিএসটিএন অপারেটরদের সংগঠন অ্যাপব বলেছে, লাইসেন্স বাতিল করে দেওয়া কোম্পানিগুলো আইনি লড়াই চালিয়ে যাবে। কারণ, পাঁচটি অপারেটরের লাইসেন্স বাতিল করে দেওয়ায় প্রায় দুই হাজার কোটি টাকার বিনিয়োগ সংকটের মুখে পড়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীর চাকরিও বিপন্ন হবে। অ্যাপব সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ ৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে র‌্যাংকসটেল। পিপলসটেলের বিনিয়োগ প্রায় আড়াই শ কোটি টাকা। অ্যাপবের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সাধারণ নিয়ম হলো, কোনো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাদের কারণ দর্শাতে হবে। এর জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আগেও এমনটা হয়েছে। এর আগে মোবাইল ফোন অপারেটরের ক্ষেত্রে এ নিয়মই বহাল ছিল। তারা অভিযান চালিয়েছে ঠিকই কিন্তু কোনো মোবাইল ফোন অপারেটরের সুইচ রুম বন্ধ করেনি। লাইসেন্স বাতিলও করেনি। ব্যতিক্রম কেবল পিএসটিএনের ক্ষেত্রে। ভিওআইপির অবৈধ ব্যবহারের অভিযোগে চলতি বছরের ১৫ মার্চ ঢাকা ফোন, ১৭ মার্চ ওয়ার্ল্ডটেল, ১৯ মার্চ র‌্যাংকসটেল, ২১ মার্চ পিপলসটেল এবং ২৩ মার্চ ন্যাশনাল ফোনের কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। বিটিআরসির হিসাবে র‌্যাংকসটেলের গ্রাহকসংখ্যা তিন লাখ ৭৮২, পিপলসটেলের এক লাখ ৬১ হাজার ৬৩, ন্যাশনাল ফোনের এক লাখ ৩৭ হাজার, ঢাকা ফোনের ৭৭ হাজার ৭৬৫ এবং ওয়ার্ল্ডটেলের ১৪ হাজার ২৬১।