পাঁচ পুলিশকে প্রত্যাহার আদেশের কার্যকারিতা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহার করে এক বিচারকের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগে পুলিশের পাঁচজন কর্মকর্তাকে প্রত্যাহার ও তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই কর্মকর্তাদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।পুলিশের ওই পাঁচ কর্মকর্তা হলেন: রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) নুরুল ইসলাম, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, উপপরিদর্শক নূর হোসেন (জব্দ তালিকা প্রস্তুতকারী) ও রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক শাফিয়ার রহমান।গতকাল একই বেঞ্চ শিক্ষানবিশ আইনজীবী আকিল-উজ-জামানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। রুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছিল। গ্রেপ্তার করা ব্যক্তিদের গণমাধ্যমের সামনে হাজির করে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। এ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আজ স্থগিতাদেশ দেওয়া হয়। একই বেঞ্চ গতকাল নির্দেশ দেন গ্রেপ্তার বা সন্দেহভাজন হিসেবে আটক করা কোনো ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির না করতে। একই সঙ্গে নির্দেশ বাস্তবায়নের প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে দাখিল করার কথাও বলা হয়।এর ধারাবাহিকতায় আজ পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রতিবেদন দেওয়া হয়। একই সঙ্গে ওই পাঁচ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের আদেশ স্থগিতের জন্য আবেদন জানানো হয়। আদালতে আকিল-উজ-জামানের পক্ষে আইনজীবী এ কে এম শফিউদ্দিন, পুলিশের কর্মকর্তাদের পক্ষে শ ম রেজাউল করিম ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার উপস্থিত ছিলেন। আদালতের আদেশের বিষয়ে শ ম রেজাউল করিম বলেন, গ্রেপ্তার বা সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে সংবাদ সংগ্রহে কোনো বাধা নেই। তবে বিচারের আগে দোষী গণ্য করে কাউকে গণমাধ্যমে উপস্থাপন করা যাবে না। ৬ ডিসেম্বর ক্ষমতার অপব্যবহার ও জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগে ওই পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ঢাকার মহানগর হাকিম এম এ সালাম। তাঁদের পুলিশের অপরাধ বিভাগ থেকে প্রত্যাহার করে অন্য কোনো বিভাগে বদলির করার নির্দেশও দেন আদালত। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শককে সাত কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দিতে বলা হয়।১ ডিসেম্বর ইডেন কলেজের সামনে একটি মাইক্রোবাস থেকে পুলিশ ৩৪২ বোতল ফেনসিডিল ও একটি রিভলবার উদ্ধার করে। ওই গাড়ি থেকে ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাঁকে গণমাধ্যমের সামনে হাজির করে স্বীকারোক্তি নেওয়া হয়।