পাঁচ পৌরসভার নির্বাচনী অনিয়মের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত
পাঁচটি পৌরসভায় নির্বাচনী অনিয়মের অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পৌরসভাগুলো হলো নোয়াখালী, সেনবাগ, ফেনী, কুমিল্লার নাঙ্গলকোট ও হবিগঞ্জ। গতকাল বুধবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কমিশন জানিয়েছে।কমিশন সূত্র জানায়, এসব অভিযোগ তদন্তে পাঁচটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানিয়ে আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। মন্ত্রণালয় হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে তদন্ত কর্মকর্তাদের নিয়োগ দেবে। কমিশনের চিঠিতে জেলা ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটদের তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।গত মঙ্গলবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে এই পাঁচ পৌরসভায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ব্যালট পেপার ছিনতাই হয় বলে অভিযোগ উঠেছে। এ কারণে নোয়াখালীর সেনবাগ পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ছাড়া নোয়াখালী পৌরসভার ১৭টি, নাঙ্গলকোটের একটি, ফেনীর দুটি ও হবিগঞ্জের একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। তবে মেয়র পদে এগিয়ে থাকা প্রার্থী ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান বেশি হওয়ায় ফেনী ও হবিগঞ্জ পৌরসভায় এই পদে আর ভোট নেওয়া হবে না।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল বলেন, রাজনৈতিক সরকারের অধীনেও যে সুষ্ঠু নির্বাচন সম্ভব, এবারের নির্বাচন তারই দৃষ্টান্ত। ভোট গ্রহণের আগ পর্যন্ত কোথাও দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটেনি। নির্বাচনে স্থানীয় পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, এ জন্য সরকারকে দায়ী করা যায় না। ব্যালট পেপার ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘নোয়াখালী ছাড়া সব জায়গায়ই নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমাদের কাছে অভিযোগ আছে, ব্যালট পেপার ছিনতাই হয়েছে, ব্যালট বাক্স পানিতে ফেলে দেওয়া হয়েছে এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের মারধর করা হয়েছে। কীভাবে এ ধরনের ঘটনা ঘটল এবং এর জন্য কারা দায়ী, তা বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ বিষয়ে কারও আপত্তি থাকলে তাঁকে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। কমিশনে আপত্তি জানিয়ে কোনো ফল পাওয়া যাবে না।কমিশন সূত্র জানায়, ১৩ জানুয়ারি পৌরসভা নির্বাচনের বিরোধ নিষ্পত্তির জন্য ৬৪ জেলায় নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিধান অনুযায়ী সরকারিভাবে ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচন বিষয়ে ক্ষুব্ধ মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর পদপ্রার্থীরা এ ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ পাবেন।১৪টি পৌরসভায় ভোট গ্রহণ ২৭ জানুয়ারি: পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী ২৭ জানুয়ারি দেশের ১৪টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। মামলা জটিলতার কারণে এসব পৌরসভায় আগের তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হয়নি। পৌরসভাগুলো হলো—দিনাজপুরের পার্বতীপুর, মাগুরা, ভোলার চরফ্যাশন, ঝালকাঠি, নরসিংদী, শরীয়তপুরের জাজিরা, নেত্রকোনার মদন, মাদারীপুর, চাঁদপুর, ফেনীর দাগনভূঞা এবং কক্সবাজার জেলার কক্সবাজার, চকরিয়া, মহেশখালী ও টেকনাফ।