পাঁচ পৌরসভায় আ.লীগের ১১ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে ছয়টি পৌরসভার মধ্যে পাঁচটিতেই মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক নেতা নির্বাচন করছেন। এর মধ্যে তিনটি উপজেলার নির্বাচন নিয়ে প্রশাসন বেশি উদ্বিগ্ন। এখন পর্যন্ত নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার বা আচরণবিধি লঙ্ঘনের যে কয়েকটি অভিযোগ উঠেছে, সবই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে। নাটোর সদর, নলডাঙ্গা, সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম ও গোপালপুর পৌরসভায় ১২ জানুয়ারি ভোট গ্রহণ হবে। জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তাঁরা সিংড়া, গোপালপুর ও গুরুদাসপুরের নির্বাচন নিয়ে উদ্বিগ্ন। কারণ জানতে চাইলে তিনি বলেন, তিনটিতেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী আছেন। তা ছাড়া এলাকাগুলো এমনিতেই সন্ত্রাসপ্রবণ। নাটোর, সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রামে মেয়র পদে আওয়ামী লীগের দুজন করে এবং গোপালপুরে তিনজন প্রার্থী নির্বাচন করছেন। এ কারণে এসব পৌরসভায় নির্বাচনের ফল আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে পারে বলে সাধারণ ধারণা তৈরি হয়েছে। একই আশঙ্কা দলটির অনেক নেতারও।তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ প্রথম আলোকে বলেন, ‘সব জায়গায় আওয়ামী লীগের একজন করে প্রার্থী আছেন। অন্যরা দলের নাম ভাঙাচ্ছেন।’ মেয়র পদে ১৯ প্রার্থীর অনেকের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, দুর্নীতি, প্রতারণার অভিযোগে এক বা একাধিক মামলা আছে বা ছিল। এর মধ্যে বেশ কয়েকটি মামলা বিগত চারদলীয় জোট ও বর্তমান মহাজোট সরকার রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নিয়েছে। গুরুদাসপুর পৌরসভার পাঁচ প্রার্থীর হলফনামা পাওয়া যায়নি বলে জানা গেছে।আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: এখন পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আচরণবিধি লঙ্ঘনের তিনটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। নাটোর পৌরসভায় বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এমদাদুল হক আল মামুন অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কামরুল ইসলাম গত শুক্রবার নাটোর পুরান বাসস্ট্যান্ড এলাকায় মাইক ব্যবহার করে নির্বাচনী সভা করেন। পরদিন তিনি পুরান বাসস্ট্যান্ড থেকে কানাইখালী মাঠের সামনে পর্যন্ত দুই শতাধিক নেতা-কর্মী নিয়ে মিছিল করে ভোট চান। কামরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জনসভা নয়, পথসভা করেছি। কেউ সেটাকে জনসভা বললে আমার কিছু বলার নেই।’কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছেন গত সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগদানকারী সাজেদুল আলম খানও। তাঁর অভিযোগ, গত শনিবার শহরের ঘোড়াগাছা চৌমুহনীতে তাঁর স্ত্রীর কয়েকজন সঙ্গীর কাছ থেকে লিফলেট ছিনিয়ে নিয়ে গেছেন কামরুল ইসলামের ছোট ভাই আনোয়ারুল ইসলাম। তাঁদের এলাকা ছেড়ে চলে যেতে হুমকিও দিয়েছেন আনোয়ার। এ বিষয়ে কামরুল ইসলাম বলেন, ‘সাজেদুল আলমের স্ত্রী এক বাড়িতে গিয়ে বলেছেন, তাঁর স্বামী আওয়ামী লীগের প্রার্থী। এটা শুনে আওয়ামী লীগের একজন কর্মী তাঁকে বলেছেন, কিসের আওয়ামী লীগের প্রার্থী? ঘটনা এমনটিই ঘটেছে।’ সিংড়া পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আসাদুজ্জামান ও সাংসদ জুনাইদ আহমেদের বিরুদ্ধে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী শামিম আল রাজি মো. শিহানুর রহমান। তাঁর অভিযোগ, স্থানীয় সাংসদ আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে মাইক ব্যবহার করে জনসভা করছেন। গত রোববার শামিম আল রাজি মো. শিহানুর রহমান নাটোরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, শুক্রবার যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কর্মী সিংড়া পৌর এলাকার নেঙ্গুইন ও বালুয়াবাসুয়া, পাটকোল, দক্ষিণ দমদমা ও কতুয়াবাড়ী এলাকায় তাঁর সমর্থকদের ধাওয়া করে এবং কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তিনজন কর্মীকে অবরুদ্ধ করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। একই পৌরসভায় আরেক মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের নেতা গোলাম কবির গত শুক্রবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, স্থানীয় সাংসদের ইচ্ছার বিরুদ্ধে তিনি মেয়র পদপ্রার্থী হওয়ায় সাংসদ তাঁকে বাড়িতে ডেকে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন।স্থানীয় সাংসদ জুনাইদ আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা বাড়ি বাড়ি গিয়ে হাতে-পায়ে ধরে ভোট চাইছি। আচরণবিধি লঙ্ঘনের প্রশ্নই ওঠে না। আর গোলাম কবির আমার আপন খালাতো ভাই, তিনি সহজ-সরল মানুষ। তাঁকে বিএনপি প্রার্থী ব্যবহার করছেন। তাঁকে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না।’ গত সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলনকক্ষে প্রার্থীদের সঙ্গে বৈঠক করে নির্বাচন তদারকি কমিটি। বৈঠকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সব প্রার্থীকে মৌখিকভাবে সতর্ক করে দেন রিটার্নিং কর্মকর্তা সুলতান আবদুল হামিদ।জেলা নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাবউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন প্রার্থী অভিযোগ জমা দিয়েছেন। আমরা সেগুলো যাচাই-বাছাই করছি।’প্রার্থীদের বিরুদ্ধে যত মামলা: গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী গোলাম মোর্ত্তজার বিরুদ্ধে ২০০৫ সালে একটি হত্যা, ২০০৮ সালে একটি চুরির মামলা আছে। হত্যা মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের জন্য প্রক্রিয়াধীন।গোলাম মোর্ত্তজা দাবি করেন, ‘জোট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগের মোট ২৬ জন নেতা-কর্মীকে আসামি করে মামলাটি করা হয়েছিল। সে সময় একটি হত্যার ঘটনা ঘটলেও আমরা কেউই তার সঙ্গে সম্পৃক্ত ছিলাম না।’ একই পৌরসভায় আরেক মেয়র পদপ্রার্থী লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে হত্যার অভিযোগ একটি এবং হত্যাচেষ্টার অভিযোগে আরেকটি মামলা আছে। হত্যা মামলাটি বর্তমানে রাজশাহী দ্রুত বিচার আদালতে বিচারাধীন। সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ২৩ জানুয়ারি ট্রাইব্যুনালে মামলাটি প্রত্যাহার হয়ে যেতে পারে। গোপালপুর পৌরসভায় বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে দুটি এবং নারী অপহরণের অভিযোগে আরও একটি মামলা ছিল। হত্যাচেষ্টার একটি মামলা বিগত জোট সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়। অপরটিরও সে সময় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়। নারী অপহরণ চেষ্টার মামলায় তিনি খালাস পান।নাটোর পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কামরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা ছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলা থেকে তিনি অব্যাহতি পান।কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল।’ এই পৌরসভায় মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের সাজেদুল আলম খান চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা বিচারাধীন। প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে একটি মামলা আছে।সাজেদুল আলম খান প্রথম আলোকে বলেন, ‘আমার চামড়ার ব্যবসা আছে। ব্যবসার লেনদেনের একটা ঘটনা নিয়ে মামলা চলছে।’ একই পৌরসভায় বিএনপি-সমর্থিত প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একটি মামলা ছিল। এই মামলা থেকে তিনি খালাস পান।বড়াইগ্রাম পৌরসভার মেয়র পদপ্রার্থী বিএনপির নেতা শরিফুল হকের বিরুদ্ধে হত্যাচেষ্টায় সহায়তা, মারধর ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মোট তিনটি মামলা ছিল। একটিতে তিনি খালাস পেয়েছেন, একটির বাদী মামলা প্রত্যাহার করেছেন এবং একটিতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। একই পৌরসভায় মেয়র পদপ্রার্থী বিএনপির নেতা ইসাহাক আলীর বিরুদ্ধে অপহরণ ও চুরির অভিযোগে মামলা আছে। মামলাটি উচ্চ আদালত স্থগিত করেছেন। একই পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শের আলী শেখের বিরুদ্ধে চুরি ও মারধরের অভিযোগে একটি মামলা ছিল। তিনি সে মামলায় অব্যাহতি পেয়েছেন।একই পৌরসভায় মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের নেতা রফিকুল বারীর বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা বিচারাধীন।