পাঁচ পৌরসভায় নির্বাচনী অনিয়মের বিচারবিভাগীয় তদন্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ পৌরসভায় নির্বাচনী অনিয়মের বিচারবিভাগীয় তদন্ত হবে। আজ বুধবার নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন থেকে জানানো হয়েছে।পৌরসভাগুলো হলো নোয়াখালী, একই জেলার সেনবাগ, ফেনী, কুমিল্লার নাঙ্গলকোট ও হবিগঞ্জ। সূত্র জানিয়েছে, পাঁচটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানিয়ে আজই আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। মন্ত্রণালয় হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে তদন্ত কর্মকর্তাদের নিয়োগ দেবে। কমিশনের চিঠিতে জেলা ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটদের তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে এ পাঁচ পৌরসভায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ কারণে নোয়াখালীর সেনবাগ পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ছাড়া নোয়াখালী পৌরসভার ১৭টি, নাঙ্গলকোটের একটি, ফেনীর দুটি ও হবিগঞ্জের একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এগিয়ে থাকা প্রার্থী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান বেশি হওয়ায় ফেনী ও হবিগঞ্জ পৌরসভায় মেয়র পদে ভোট গ্রহণ হবে না।এ বিষয়ে আজ নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক সরকারের অধীনেও যে সুষ্ঠু নির্বাচন সম্ভব, এবারের নির্বাচন তারই দৃষ্টান্ত। ভোট গ্রহণের আগ পর্যন্ত কোথাও দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটেনি। নির্বাচনে স্থানীয় পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, এ জন্য সরকারকে দায়ী করা যায় না।ব্যালট পেপার ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘নোয়াখালী ছাড়া সব জায়গাতেই নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমাদের কাছে অভিযোগ আছে, ব্যালট পেপার ছিনতাই হয়েছে, ব্যালট বাক্স পানিতে ফেলে দেওয়া হয়েছে এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের মারধর করা হয়েছে। কীভাবে এ ধরনের ঘটনা ঘটল এবং এর জন্য কারা দায়ী, সেটা বের করতে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ বিষয়ে কারও আপত্তি থাকলে তাঁদের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। কমিশনে আপত্তি জানিয়ে কোনো ফল পাওয়া যাবে না।১৪ পৌরসভায় ২৭ জানুয়ারি ভোট: পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী ২৭ জানুয়ারি দেশের ১৪টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মামলা জটিলতার কারণে এসব পৌরসভায় যথাসময়ে ভোট গ্রহণ করা সম্ভব হয়নি। পৌরসভাগুলো হলো দিনাজপুরের পার্বতীপুর, মাগুরা, ভোলার চরফ্যাশন, ঝালকাঠি, নরসিংদী, শরীয়তপুরের জাজিরা, নেত্রকোনার মদন, মাদারীপুর, চাঁদপুর, ফেনীর দাগনভূঞা, কক্সবাজার এবং একই জেলার চকোরিয়া, মহেশখালী ও টেকনাফ।