চুক্তি অনুযায়ী সময়মতো গম সরবরাহ করতে না পারায় পাঁচটি প্রতিষ্ঠানের অগ্রিম দেওয়া প্রায় ২৩ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সরকার। এই প্রতিষ্ঠান পাঁচটি সরকারি গুদামে চার লাখ ৮০ হাজার টন গম সরবরাহের জন্য খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। উল্লিখিত বেসরকারি উৎস থেকে গম না পাওয়ায় সরকার বিকল্প হিসেবে ভারত থেকে রাষ্ট্রীয়ভাবে দুই লাখ টন গম আমদানির উদ্যোগ নিয়েছে। এ ছাড়া ভিয়েতনাম ও ভারত থেকে অতিরিক্ত তিন লাখ টন চাল আনা হচ্ছে। বিষয়টি চূড়ান্ত করতে খাদ্যসচিব বরুন দেব মিত্র এখন ভারতে।এদিকে সরকারি লক্ষ্যমাত্রা পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ বাড়াতে ধান-চাল সংগ্রহের সময়সীমা গতকাল মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে খাদ্য বিভাগ। সরকারি গুদামে বর্তমানে ছয় লাখ ৬৫ হাজার টন চাল ও ৫৪ হাজার টন গম রয়েছে।গম আমদানির জন্য চুক্তিবদ্ধ হওয়া সাতটির মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান ৪২ হাজার টন গম সরবরাহ করেছে। হানিবি ট্রেডার্স নামের ওই প্রতিষ্ঠানের আমদানি করা গম ২৯ আগস্ট ইউক্রেন থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। কিন্তু তারাও অন্য একটি চুক্তি রক্ষায় ব্যর্থ হওয়ায় তাদের জামানত রেখে দিয়েছে সরকার।চুক্তিবদ্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশবন্ধু ও সানফ্লাওয়ার লিমিটেডের গম সরবরাহের সময়সীমা এখনো শেষ হয়নি। তাদের জন্য সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত সময় রয়েছে। প্রতিষ্ঠান দুটি এই সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী ৯০ হাজার টন গম সরবরাহ করতে পারবে বলে সরকারকে জানিয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে গম সরবরাহ করতে না পারলেও সরকারের খাদ্য মজুদ পরিস্থিতিতে বড় ধরনের সমস্যা হবে না। সরকারি নিয়ম অনুযায়ী চুক্তি ভঙ্গ করায় বেসরকারি আমদানিকারকের অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। মন্ত্রী বলেন, গমের আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা এলেই নতুন করে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে গমের দাম স্থিতিশীল হলে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তি ও দরপত্রের মাধ্যমে ছয় লাখ টন গম আমদানির উদ্যোগ নেওয়া হবে। কয়েকজন কর্মকর্তাকে গম রপ্তানিকারক দেশগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক দাবানলে ব্যাপক ফসলহানি হওয়ায় রাশিয়া গম রপ্তানি সাময়িকভাবে বন্ধ রেখেছে। তবে মাস দুয়েকের মধ্যে উত্তর আমেরিকা ও ইউরোপের গম বাজারে উঠলে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।খাদ্য বিভাগকে গম সরবরাহ করতে ব্যর্থ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ম্যাবকো ফুডস লিমিটেড ও পূবালী ট্রেডার্স। এরা আগস্টের মধ্যে গম জাহাজে তোলার জন্য ১৮ মার্চ চুক্তিবদ্ধ হয়। ম্যাবকো ফুডস প্রতি টন গম ২৩৩ ডলার ৩৩ সেন্ট দামে দিতে চুক্তিবদ্ধ হয়। চুক্তির অংশ হিসেবে তারা খাদ্য বিভাগের নামে ১২ লাখ ৬৫ হাজার ডলার বা সাড়ে আট কোটি টাকা পারফরম্যান্স গ্যারান্টি (পিজি) জমা দেয়। তাদের এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পূবালী ট্রেডার্স প্রতি টন গম ২২৭ ডলার ৯০ সেন্টে সরবরাহের জন্য ২৭ জুন চুক্তিবদ্ধ হয়। পিজি বাবদ তারা জমা দিয়েছিল সাত কোটি ৭৫ লাখ টাকা। সরবরাহের সময়সীমা কয়েক দফা পেছানোর পরও এই প্রতিষ্ঠানটি গম সরবরাহে ব্যর্থ হয়। ম্যাবকো ফুডস লিমিটেডের মালিক আবদুল মান্নান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘আমরা গম সরবরাহ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমদানির জন্য সব ধরনের উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু রাশিয়ায় খরার কারণে সে দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।’ মোট দুই লাখ ৮০ হাজার টন গম সরবরাহের জন্য খাদ্য বিভাগের ডাকা দরপত্রে অংশ নিয়ে তালিকাবদ্ধ হয়েছিল ইন্দোসিনো, হানিবি ও এস আলম নামের তিনটি প্রতিষ্ঠান। তালিকাবদ্ধ হওয়ার পর সরকার প্রতিষ্ঠানগুলোকে চুক্তি করার জন্য আহ্বান জানায়। কিন্তু প্রতিষ্ঠানগুলো জুলাই ও আগস্ট মাসের মধ্যে সাড়া না দেওয়ায় তাদের বিড বন্ড হিসেবে জমা দেওয়া ছয় কোটি ৪৪ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ইন্দোসিনো প্রতি টন ২১৯ ডলারে ৫০ হাজার টন, হানিবি ২৪৪ ডলারে ৫০ হাজার টন, এস আলম তিনটি দরপত্রে মোট দেড় লাখ টনের জন্য তালিকাভুক্ত হয়। এস আলম যথাক্রমে ২২১, ২৪১ ও ২৬৫ ডলারে গম সরবরাহে রাজি হয়েছিল। প্রতিষ্ঠানগুলো বলছে, দরপত্রে রাজি হওয়ার পরপরই রাশিয়ায় দাবানলের কারণে আমদানি বন্ধ হয়ে যায়। সময়মতো গম সরবরাহ করতে না পারার কারণ জানতে চাইলে এস আলম গ্রুপের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, সরকারি দরপত্রে অংশ নেওয়ার পর রাশিয়ার রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো গম সরবরাহ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। তাই এত টাকা লোকসান গুনতে হচ্ছে। দেশবন্ধু লিমিটেডের মালিক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, সরকারের সঙ্গে চুক্তির সময় প্রতি টন গমের দাম ২৩০ থেকে ২৫০ ডলার ছিল। বর্তমানে তা বেড়ে ৪০০ ডলার হয়েছে। ফলে আগের দামে সরবরাহ করলে লোকসান গুনতে হবে। তিনি বলেন, সরকার সরবরাহের সময়কাল বাড়ালে লোকসান ছাড়াই গম সরবরাহ করা যাবে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলের কারণে রাশিয়ার ২০ শতাংশ গম মাঠেই পুড়ে গেছে। বিশ্ববাজারে গত জুন মাসের তুলনায় গমের দাম বেড়েছে ৮৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, বিশ্বব্যাপী বসন্তকালীন গমের ৫৩ শতাংশ কাটা হয়েছে। মাঠে থাকা গমের ৮৩ শতাংশ ভালো অবস্থায় রয়েছে। আগামী নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশের গম বাজারে আসা শুরু করবে। এতে দাম কমতে শুরু করবে। ডিসেম্বর নাগাদ তা স্থিতিশীল হবে বলে সংস্থাটি ধারণা করছে। এদিকে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার পর সম্প্রতি ইরান ২০ লাখ টন গম রপ্তানি করবে বলে জানিয়েছে। এভাবে অন্যান্য বড় উৎপাদনকারী দেশ পর্যায়ক্রমে রপ্তানির ঘোষণা দিলে প্রতিযোগিতার কারণেই দাম কমে আসবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।