পাঁচ ফুট মরা খালে ৩৩ ফুট সেতু
ঝিনাইদহ সদর উপজেলার পান্তাপাড়া গ্রামে পাঁচ ফুট চওড়া একটি মরা খালে দেওয়া ছিল পাইপ কালভার্ট। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ সেটি অপসারণ করে সেখানে নির্মাণ করেছে ৩৩ ফুট দৈর্ঘ্যের একটি সেতু। ব্যয় হয়েছে ১৮ লাখ টাকা। এলাকাবাসী জানান, ওই খালের ওপর নির্মিত সেতু থেকে ১০০ গজ দূরে আরেকটি রাস্তা আছে। এ রাস্তা দিয়ে কয়েক গ্রামের মানুষ চলাচল করে। সেতুটি সেখানে নির্মিত হলে সাধারণ মানুষ উপকৃত হতো।সরেজমিনে দেখা গেছে, সেতুর পুব পাশ দিয়ে চলে গেছে সাধুহাটি-হরিণাকুণ্ডু পাকা সড়ক আর পশ্চিমে বসবাস করে চার-পাঁচটি পরিবার। পাকা রাস্তা থেকে একটি কাঁচা রাস্তা পশ্চিম দিকে পাঁচ-ছয় শ ফুট গিয়ে দক্ষিণের আরেকটি কাঁচা রাস্তায় মিলেছে। ওই রাস্তা দিয়ে এনায়েতপুর, বুড়াসহ কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে। ওই কাঁচা রাস্তার শুরুতে খালের ওপর একটি সেতু নির্মাণ করা প্রয়োজন।নাম প্রকাশ না করার শর্তে পান্তাপাড়া গ্রামের একজন অধিবাসী জানান, এ স্থানে পাইপ কালভার্ট বসানো ছিল। রাস্তার পশ্চিম পাশের চার-পাঁচটি পরিবারের লোকজন এ কালভার্টের ওপর দিয়ে যাতায়াত করত। তবে পান্তাপাড়া গ্রামের বেশির ভাগ মানুষ পশ্চিমের কোনো গ্রামে বা মাঠে যেতে বর্তমান নির্মিত সেতুর ১০০ গজ দূরের মূল রাস্তা দিয়ে যাতায়াত করে। সেখানেও একটি কালভার্ট রয়েছে। তারা প্রথম থেকেই সেখানে সেতু নির্মাণের দাবি করে আসছিল। কিন্তু সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা তা শোনেননি। তা ছাড়া ছোট খালে অনেক বড় সেতু তৈরির কারণও তারা জানতে চেয়েছিল। কর্মকর্তারা এর কোনো উত্তর তাঁদের দেননি। সেতুটি বড় হওয়ায় সেটি পশ্চিম পাশের সমজের মোল্লার বাড়ির সীমানায় ঢুকে পড়েছে। এ ব্যাপারেও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সমজের মোল্লা প্রতিবাদ করেছিলেন। কিন্তু কর্মকর্তারা কোনো কথা শোনেননি। ওই গ্রামের বাসিন্দা আক্কাস আলী জানান, এ সেতুর ওপর দিয়ে কয়েকটি বাড়ির লোক ছাড়া অন্য কেউ চলাচল করে না। সেতুটি দক্ষিণ পাশের রাস্তায় হলে গ্রামের সবার পাশাপাশি এলাকার সাধারণ মানুষ উপকৃত হতো। এ ব্যাপারে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদী হোসেন জানান, ১৮ লাখ তিন হাজার ৯৫৫ টাকা ব্যয় করে সেতুটি নির্মাণ করা হয়েছে। খালটি ছোট হলেও বর্ষার সময় পানির চাপ বেশি থাকে। এ কারণে একটু বড় সেতু করা হয়েছে। স্থান নির্বাচন স্থানীয় মানুষের দাবির পরিপ্রেক্ষিতে করা হয়েছে। তবে সেতুর দৈর্ঘ্য একটু কম হলেও চলত। কিন্তু যে বরাদ্দ ছিল, তাতে ওই নকশার বাইরে করার সুযোগ ছিল না। পাশের রাস্তাটির মাটির কাজ না হওয়ায় সেখানে সেতু নির্মাণ করা যায়নি।এ ব্যাপারে সাধুহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘সেতুটি গোবিন্দপুর থেকে ভুলটিয়া সড়কের জীবনা গ্রামের মাঠে বেশি প্রয়োজন ছিল। আমিও সেভাবে সংশ্লিষ্ট অফিসকে জানিয়েছিলাম। তার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের নির্বাচিত স্থানে সেতু নির্মাণ করেছে।’