পাঁচ বছর আগে পোল বসানো হলেও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের সিপাইপাড়া গ্রামের স্কুল শিক্ষক মো. নাজিমউদ্দিনের বাড়ির সামনে বৈদ্যুতিক পোলটি সিপাইপাড়া, বান্দেরাপাড়া ও লক্ষণমারী গ্রামের মানুষ গত পাঁচ বছর ধরে দেখে আসছে। ২০০৬ সালে পোলটি বসানো হয়েছে।৯ এপ্রিল ওই তিনটি গ্রামে গিয়ে দেখা গেছে, বিভিন্ন স্থানে বৈদ্যুতিক পোল দাঁড়িয়ে আছে। মাত্র সোয়া দুই কিলোমিটার লাইন টানা হলেই এ তিনটি গ্রামে বিদ্যুৎ-সুবিধা দেওয়া সম্ভব।গ্রামের লোকজন জানান, ২০০৬ সালের শুরুর দিকে এ তিনটি গ্রামে বৈদ্যুতিক পোল বসানো হয়। পরে লাইন টানার কথা, এখন পর্যন্ত লাইন টানা হয়নি। পোল বসানো হলেও তিনটি গ্রামের মানুষ বিদ্যুৎ পাননি গত পাঁচ বছরে। সে সময় বলা হয়েছিল, দ্রুত বিদ্যুৎ দেওয়া হবে। এর পর থেকেই গ্রামের মানুষ বিদ্যুতের জন্য অফিসে যোগাযোগ করছেন। অফিস থেকে বলা হচ্ছে, বরাদ্দ নেই।পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চগড় জোনাল অফিস সূত্রে জানা গেছে, গত জোট সরকারের শেষ সময়ে ওই তিনটি গ্রামে পোল বসানো হয়েছে। অন্যান্য মালামাল-সংকটের কারণে পরবর্তী সময় প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। সেই থেকে ওই তিন গ্রামে পোল আছে, কিন্তু বিদ্যুৎ নেই।সিপাইপাড়ার মো. শমসের আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করছি। বরাদ্দ নেই, তাই কাজ বন্ধ আছে বলে জানানো হয়। এ গ্রামে বিদ্যুৎ দেওয়ার জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে সুপারিশ করেছেন। তার পরও কাজ হচ্ছে না। অনেকে জমিতে সেচ দিতে মোটর নিতে চায়, কিন্তু পারছে না।’সিপাইপাড়া গ্রামের কমিরুল ইসলাম বলেন, ‘এ গ্রামের কৃষি প্রকৃতিনির্ভর। আশা করেছিলাম, বিদ্যুতের সাহায্যে সেচ দিতে পারলে উৎপাদন-খরচ কম হতো এবং উৎপাদনও বাড়ত। কিন্তু সে আশায় গুড়েবালি। কবে যে বিদ্যুৎ পাব?’বান্দেরাপাড়া গ্রামের দশম শ্রেণীর ছাত্র মকলেছুর রহমান বলে, ‘গ্রামে বিদ্যুৎ-সংযোগ থাকলে বিদ্যুতের আলোয় পড়াশোনা করতে পারতাম। আশপাশের গ্রামে যখন বিদ্যুৎ দেখি, তখন খারাপ লাগে।’ স্নাতক শ্রেণীর ছাত্র অম্বরীশও একই কথা বলেন।পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চগড় জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক শাহ মো. রাজ্জাকুর রহমান জানান, পোল বসানো হলেও মিটার, ট্রান্সফরমার, বৈদ্যুতিক কেব্ল-সংকটের কারণে শুধু ওই তিনটি গ্রাম নয়, অনেক গ্রামেই বিদ্যুতায়নের কাজ বন্ধ রয়েছে। তবে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে এ রকম গ্রামে বিদ্যুৎ-সুবিধা সম্প্রসারণ হবে বলে তিনি জানান।