পাঁচ বছর আগে অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সভার সুপারিশ মূল্যায়নের জন্য বিশিষ্ট ব্যক্তি ও তৃণমূলের নেতাদের সঙ্গে আলোচনা করবে বিএনপি। দেশের ১০টি স্থানে এসব মতবিনিময় সভা হবে। এর মাধ্যমে সামনের দিনগুলোতে বিএনপির করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে দলটি।গতকাল শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সহসভাপতি সেলিমা রহমান এ কর্মসূচি ঘোষণা করেন। দুই মাসব্যাপী এ কর্মসূচি আগামী ৬ ফেব্রুয়ারি সিলেট থেকে শুরু হবে। সর্বশেষ আলোচনা সভাটি হবে ঢাকায় ৩০ মার্চের মধ্যে।সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব সভায় বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আলোচনায় অংশ নেবেন। বিভাগের নেতা-কর্মীরা এতে উপস্থিত থাকবেন।১০টি স্থানে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন যথাক্রমে সিলেটে এম ইলিয়াস আলী, চট্টগ্রামে মির্জা আব্বাস, রাজশাহীতে মিজানুর রহমান, ঢাকায় আমানউল্লাহ, খুলনায় আবদুল্লাহ আল নোমান ও বরিশালে সেলিমা রহমান। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে দুটি করে এবং সিলেট ও বরিশালের একটি স্থানে এ সভা হবে। যেসব জেলা শহরে সভা অনুষ্ঠিত হবে সেগুলো হলো—সিলেট, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, যশোর, রাজশাহী, বগুড়া ও বরিশাল।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৫ সালে তারেক রহমানের আলোচিত প্রতিনিধি সম্মেলনের মডেল সামনে রেখেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। ওইসব সভায় তারেক রহমানের কার্যক্রমের ওপর নির্মিত তথ্যচিত্রও দেখানো হবে।সংবাদ সম্মেলনে সেলিমা রহমান বলেন, দলকে পুনর্গঠিত করতে এবং আগামী দিনের দলের কর্মপন্থা নির্ধারণে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মূল্যায়নী সভা হবে। একে ‘তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা বলে অভিহিত করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহরকেন্দ্রিক রাজনীতিকে গ্রামপর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই আলোকে ২০০৫ সালের ৪ জানুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করা হয়েছিল। তৃণমূল নেতাদের কাছ থেকে দেশের উন্নয়নের স্বার্থে নানা পরামর্শ তারেক রহমান সে সময় সরকারকে সুপারিশ আকারে দিয়েছিলেন। কিন্তু সরকারের মেয়াদ শেষ হওয়ার কারণে তা বাস্তবায়ন করতে পারেননি। তিনি বলেন, ভবিষ্যতে বিএনপি সরকারে গেলে দেশের উন্নয়নে কী করা হবে, তাও এসব সভায় আলোচনা করা হবে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, নির্বাহী কমিটির সদস্য শরীফুল আলম প্রমুখ।