পাঁচ বছর একটি মেসবাড়ির দায়িত্বে ছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক একটি আদর্শ মেসবাড়ি। লিখেছেন আহসান হাবিব, যৌথভাবে পরিচালনা করেছেন নূরুল ইসলাম ও বিক্রম খান। এখানে মেসবাড়ির মালিকের চরিত্রে অভিনয় করছেন রহমত আলী। কথা হলো তাঁর সঙ্গে।বাস্তব জীবনে আপনার মেসেবাড়ির অভিজ্ঞতা আছে?আছে মানে, আমি পাঁচ বছর একটি মেসবাড়ির দায়িত্বে ছিলাম! ওটা রাজশাহীর রানীবাজারে, নাচ বোর্ডিং। আমাদের পারিবারিক ব্যবসা। তখন তো পড়াশোনা তেমন করতাম না, সারাক্ষণ নাটক করে বেড়াতাম আর নাচ বোর্ডিং দেখাশোনা করতাম। সময়টা ছিল ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল। সে এক বিচিত্র অভিজ্ঞতা। নানা চরিত্রের মানুষের যাওয়া-আসা কাছ থেকে দেখেছি। এবার একটি আদর্শ মেসবাড়িতে অভিনয় করতে এসে সেই অভিজ্ঞতা কাজে লেগেছে।আপনি নিজে কখনো মেসে থেকেছেন?১৯৮৪ সাল থেকে প্রায় ছয় বছর আমি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। পাশাপাশি বিভাষ চক্রবর্তী ও অশোক মুখার্জির নাটকের দল থিয়েটার ওয়ার্কশপে অভিনয় করতাম। আমি যদিও হলে থেকেছি, কিন্তু বন্ধুরা সব মেসে থাকত— সিতারাম স্ট্রিটের কালী বোর্ডিংয়ে। সেখানে বন্ধুদের সঙ্গে প্রায়ই থাকতাম। তবে ওটার সঙ্গে ঢাকার মেস সংস্কৃতিকে মেলানো যাবে না।‘একটি আদর্শ মেসবাড়ি’ নাটকে কাজ করতে কেমন লাগছে?দারুণ মজার নাটক। আহসান হাবিবের লেখার যে শৈলী আর মুনশিয়ানা, তা সচরাচর দেখা যায় না। অসাধারণ! আমি তো হুমায়ূন আহমেদের অনেক নাটক ও চলচ্চিত্রে কাজ করেছি, কিন্তু তাঁর ছোট ভাই আহসান হাবিবের সঙ্গে কাজ করতে এসে অন্যরকম অভিজ্ঞতা হলো। তিনি কখনো মেসে থেকেছেন কি না, জানি না। তাঁর লেখা পড়লে মনে হয়, মেসবাড়ির ব্যাপারে অনেক অভিজ্ঞতা আছে। পুরোটাই সিচুয়েশনাল কমেডি। কাজ করেও আরাম পাচ্ছি।নাটকটির শুটিং করছেন কোথায়?মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পেছনে একটা পুরোনো বাসায়। কথা ছিল, এই বাড়িটি ভেঙে বহুতল ভবন নির্মাণ করা হবে। কিন্তু নাটকটির শুটিংয়ের কারণে বাড়ির মালিক ভাঙার কাজটা পিছিয়ে দেন। এ পর্যন্ত ১৫ পর্বের কাজ করেছি। শুরুতে কথা ছিল, ৫২ পর্বে গিয়ে নাটকের গল্প শেষ হবে। এখন মনে হচ্ছে, ১০৪ পর্ব পর্যন্ত হবে।