পাঁচ বছর জেল ও পাঁচ কোটি টাকা জরিমানার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে চাঁদাবাজি, হুমকি, ভয়ভীতি দেখানো, অশ্লীল বার্তা এবং আপত্তিকর স্থির বা ভিডিওচিত্র পাঠানোসহ যেকোনো অপরাধ প্রমাণিত হলে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানা হবে। এসব জরিমানার অর্থ ব্যক্তির পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানকেও দিতে হবে। মুঠোফোন-সন্ত্রাস প্রতিরোধে প্রচলিত ‘টেলিযোগাযোগ আইন ২০০১’ সংশোধন করে এসব বিধান করার সুপারিশ করা হয়েছে।মুঠোফোনে হুমকি, চাঁদাবাজি ঠেকাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া সুপারিশগুলো ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত হয়েছে। সভায় ফোনের সিম বিক্রির বিষয়েও কড়াকড়ি আরোপের কথা বলা হয়। এই সংশোধনী মন্ত্রিসভা অনুমোদন করলে সংসদে যাবে। জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, মুঠোফোন-সন্ত্রাস প্রতিরোধে গঠিত কমিটিতে সব মুঠোফোন কোম্পানির সদস্যরা আছেন। তাঁদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নতুন আইনের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, কোম্পানিগুলো যদি নিজের কাজের ক্ষেত্রে স্বচ্ছ থাকে, তাহলে তারা কোনো ঝামেলায় পড়বে না। পুলিশ কর্মকর্তারা স্বীকার করেছেন, মুঠোফোনে হুমকির ঘটনা কমছে না, বরং বেড়েই চলেছে। পুলিশের হিসাবে গত মাসে (ফেব্রুয়ারি) শুধু রাজধানীতেই ১৭৪ ব্যক্তিকে মুঠোফোনে হুমকির ঘটনা নথিভুক্ত হয়েছে। আবার অনেকে হুমকি পেয়েও ভয়ে বা ঝামেলা এড়াতে থানা-পুলিশকে জানান না। এসব অভিযোগ পর্যালোচনা করে দেখা গেছে, মুঠোফোনে হুমকি এখন আর শুধু ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই। পুলিশ কর্মকর্তারাও অপহরণের হুমকি পাচ্ছেন। এর আগে প্রধানমন্ত্রীর ফোনেও হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনায় র‌্যাব সদস্যরা তিনজনকে গ্রেপ্তার করেছিলেন।সূত্র জানায়, ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট রিফাত হাসান জানান, অজ্ঞাত ব্যক্তি তাঁর মুঠোফোনে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাঁকে মেরে ফেলার হুমকি দেয়। ২ ফেব্রুয়ারি তিনি সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মতিঝিল থানার উপ-পরিদর্শক শফিউল্লাহও থানায় জিডি করেন। তিনি অভিযোগ করেন, মুঠোফোনে ফোন করে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গাড়ি চুরি প্রতিরোধ শাখার পরিদর্শক রফিকুল ইসলামের অভিযোগ, মুঠোফোনে ২৪ ঘণ্টা তাঁকে বিরক্ত করা হচ্ছে। একই ধরনের অভিযোগ পুলিশ সদর দপ্তরের এক এআইজি, গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার, মাদক প্রতিরোধ দলের সহকারী পুলিশ কমিশনারসহ অনেক পুলিশ কর্মকর্তার।সূত্র জানায়, মুঠোফোন-সন্ত্রাস বন্ধ করতে গত বছরের ১ জুন বিটিআরসি চেয়ারম্যানকে প্রধান করে নয় সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। কমিটির অন্য সদস্যরা হলেন, স্বরাষ্ট্রসচিব, টেলিযোগাযোগসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিজিএফআইয়ের মহাপরিচালক, এনএসআইয়ের মহাপরিচালক, র‌্যাবের মহাপরিচালক, সিআইডি ও এসবির প্রধান। এ ছাড়া সবগুলো মুঠোফোন কোম্পানির প্রতিনিধিকেও এতে রাখা হয়। কমিটির সদস্যরা প্রায় ছয় মাস কাজ করে ফোন-সন্ত্রাস প্রতিরোধে প্রচলিত আইন সংশোধন করাসহ বেশ কিছু সুপারিশ করেন।এসব সুপারিশের বাস্তবায়ন নিয়ে গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ সভা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, ওয়ারিদের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, আইজি নূর মোহাম্মদ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ঢাকার পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রচলিত ‘টেলিযোগাযোগ আইন ২০০১’ আইনের সংশোধন ও সিম বিক্রির ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটি দ্রুত সময়ে আইন কার্যকর করার সুপারিশ করে।প্রস্তাবিত সুপারিশের ব্যাপারে জানতে চাইলে আইজি নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, এ আইনটি কার্যকর হলে মুঠোফোনে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে।বাংলালিংকের রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্সের প্রধান জাকিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘২০০৭-০৮ সালে প্রায় ১৪ লাখ সংযোগ বন্ধ করা হয়েছে। এখনো বিভিন্ন সময় বন্ধ করা হয়। নিবন্ধনেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। কিন্তু গ্রাহক নিবন্ধনে যে তথ্য দিয়েছেন, তা কতটা সঠিক, সেটা কে যাচাই করবে? আমরা সরকারের কাছে অনুরোধ করেছি, যেন কম করে হলেও জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইসে আমাদের একটা পথ (এক্সিস) দেয়। তথ্য যাচাই করতে পারলে, ভুল তথ্যের শাস্তিও মেনে নেওয়া যায়, অন্যথায় সম্ভব নয়।’ আইন সংশোধন: প্রস্তাবিত সুপারিশে ‘টেলিযোগাযোগ আইন ২০০১’-এর ৬৯ ধারার সংশোধন করতে বলা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা বেতার যন্ত্রপাতির সাহায্যে যদি কোনো অশ্লীল, ভীতিপ্রদর্শনমূলক, অপমানকর বার্তা প্রেরণের উদ্দেশে উক্ত যন্ত্রপাতি পরিচালনার কাজে নিয়োজিত ব্যক্তির নিকট প্রস্তাব করে, উক্ত প্রস্তাবের ভিত্তিতে কেউ বার্তা প্রেরণ করে বা কথোপকথন স্থির বা ভিডিওচিত্র প্রেরণ করে, তাহলে প্রস্তাবকারী ও প্রেরণকারী উভয়ে দুই বছরের কারাদণ্ড ও অনধিক পাঁচ কোটি টাকার জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।’ এ ধারার (গ) উপধারায় বলা হয়েছে, টেলিযোগাযোগ যন্ত্রপাতির সাহায্যে অন্য কোনো ব্যক্তি এ ধরনের অপরাধে জড়িয়ে পড়লে তাঁকে পাঁচ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। বিদ্যমান আইনে এ ধরনের অপরাধের বিচারে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান আছে। প্রস্তাবিত আইনের সংজ্ঞায় ব্যক্তি বলতে প্রতিষ্ঠানকেও বোঝানো হয়েছে।সূত্র জানায়, ‘টেলিযোগাযোগ আইন ২০০১’ এর ৭৭ ধারাও সংশোধনের সুপারিশ করা হয়। এতে বলা হয়, এ ধরনের অপরাধ ধর্তব্য অপরাধ হিসেবে গণ্য হবে। মহানগর এলাকায় মহানগর হাকিম ও এর বাইরে প্রথম শ্রেণীর যেকোনো আদালতে এর বিচার সম্পন্ন হতে পারে। আদালত প্রস্তাবিত আইনের ৮১ ধারা অনুসারে এ মামলার সব আলামত বাজেয়াপ্ত করতে পারবে। এ ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা যাবে। সংশোধনীতে বলা হয়, এ মামলার বিচার শুরুর পর থেকে ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। যদি এর মধ্যে বিচার শেষ না হয়, তবে পরের ১৫ দিনের মধ্যে ঊর্ধ্বতন আদালতকে বিষয়টি জানাতে হবে।আইনের ৭৮ ধারা সংশোধনের সুপারিশ করে বলা হয়, পুলিশের সাব-ইন্সপেক্টরের নিচে নয়, এমন যেকোনো পুলিশ কর্মকর্তা বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এ মামলা তদন্ত করতে পারবেন। তিনি মামলার প্রয়োজনে যেকোনো মালামাল জব্দ করতে পারবেন বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করতে পারবেন।সিম বিপণনে কড়াকড়ি: কমিটির সুপারিশে সিম বিক্রির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে বলেছে। এতে বলা হয়, গ্রাহকদের পাশাপাশি সিম বিতরণকারী, ডিলার, সাব-ডিলার ও খুচরা বিক্রেতাদের দায়বদ্ধতার আওতায় আনতে হবে। ফোনের অবৈধ নিবন্ধন ও অসত্য তথ্য থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁকে শাস্তির আওতায় আনতে হবে। এ জন্য দণ্ডবিধি সংশোধনের সুপারিশ করা হয়। এতে বলা হয়, নিবন্ধনে ফরমের অনুলিপির চারটি পাতা থাকতে হবে। এটা বিক্রেতা ও ক্রেতা উভয়ে সংরক্ষণ করবেন। ফোনের সংযোগ কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা ভোটার পরিচিতি জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে কেউ সিম কিনতে পারবেন না। জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ ব্যবহারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে।সুপারিশে বলা হয়, পুলিশের মাধ্যমে ফোন ডিলারদের যথাযথভাবে ঠিকানা যাচাই (ভেরিফিকেশন) করতে হবে। তাঁদের যাবতীয় তথ্য ফোন কোম্পানির কাছে থাকতে হবে। খুচরা বিক্রেতাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা বিক্রেতাদের প্রতিষ্ঠান পরিদর্শন করতে পারবেন। বিক্রেতাদের কাছে অপারেটর প্রতিষ্ঠানের পরিচয়পত্রও থাকতে হবে। প্রস্তাবে বলা হয়, প্রত্যেক অপারেটর এলাকাভিত্তিক ডিলার, সাব-ডিলার, এজেন্ট ও খুচরা বিক্রেতার ডাটাবেজ সংরক্ষণ করবেন। কেউ তথ্য না দিলে অপারেটর তাঁর জামানত বাজেয়াপ্ত করতে পারবেন। ফোন বিতরণব্যবস্থা ও অন্যান্য কাজ তদারকির জন্য একটি কমিটি গঠন করা হবে। তারা কোনো অনিয়ম পেলেই তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে। এ জন্য সবার উপযোগী একটি নীতিমালা তৈরি করা হবে। র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, ফোন-সন্ত্রাস প্রতিরোধে আইনের কড়াকড়ি আরোপ করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ ফোন-সন্ত্রাস এখন সহনীয় মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।