পাঁচ বছর টিভি দেখেন না কিইরা নাইটলি!
হলিউডের অভিনেত্রী কিইরা নাইটলির অভিনয়ের হাতেখড়ি হয়েছিল টেলিভিশনেই। কিন্তু গত পাঁচ বছর ধরে নাইটলি পুরোদস্তুর টেলিভিশনবিমুখ। তাঁর বাড়িতে এমনকি কোনো টেলিভিশনও নেই। সম্প্রতি তাঁর দীর্ঘদিনের এই টিভি বিমুখতার বিষয়ে মুখ খুলেছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। রিয়েলিটি টিভি শো আর ‘মাথা-মুণ্ডুহীন’ বিভিন্ন অনুষ্ঠানে ত্যক্তবিরক্ত হয়ে টিভি দেখা ছেড়েছেন বলেই টেলিগ্রাফকে জানিয়েছেন তিনি। ছয় বছর বয়স থেকেই টেলিভিশনের জন্য বিভিন্ন ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন কেইরা। টেলিভিশন না দেখা প্রসঙ্গে নাইটলি জানিয়েছেন, টিভির বিষয়টি তিনি মোটেও মিস করেন না। টিভি অনুষ্ঠানের মধ্যে কেবল বিভিন্ন তথ্যচিত্র আর ফুটবলই মিস করেন। বড় কোনো খেলা থাকলে তিনি বরং টিভি দেখার বদলে সরাসরি কোনো পানশালাতেই চলে যান এবং সেখানেই উপভোগ করেন পছন্দের দলের খেলা। টেলিভিশন দেখা ছেড়ে দেওয়ার কারণ হিসেবে দ্য সানকে কিইরা বলেন, ‘টেলিভিশনে যা দেখায়, তাতে আমার কোনো আগ্রহ নেই। তবে ভালো লাগার মধ্যে রয়েছে চমত্কার কিছু টিভি নাটক, তথ্যচিত্র ও ফুটবল খেলা। রিয়েলিটি শো, গেম শো বা বিজ্ঞাপনে ঠাসা কোনো অনুষ্ঠানের প্রতি আমার কোনোই আগ্রহ নেই।’কিইরা আরও বলেন, ‘আমি বুঝে গেছি, টিভির মাথা-মুণ্ডুহীন অনুষ্ঠান দেখে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। রাতে ৪ ঘণ্টা টিভি দেখে সময় নষ্ট করার চেয়ে আমি বরং নিজেকেই সেই সময়টা দিতে পারি। আর তাই পাঁচ বছর ধরে আমি টেলিভিশন দেখা ছেড়ে দিয়েছি।’ কিইরা নাইটলি টেলিভিশন বিমুখ হলেও তিনি প্রচুর ছবি দেখেন। তবে, টেলিভিশনে নয়, ডিভিডি কিনে এনে প্রজেক্টরে চালিয়ে সেসব ছবি উপভোগ করেন তিনি।