প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশের গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, জাতীয় স্বার্থসহ কিছু বিষয়ে কোনোভাবেই আপস করবে না। তিনি বলেন, ‘সরকারের পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের স্থায়ী ব্যবস্থা করতে চাই।’গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদলের সঙ্গে চা-চক্র ও মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।মতবিনিময় সভায় সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদকেরা সংবাদমাধ্যমের স্বাধীনতা, সংঘাতের রাজনীতি, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থনীতি, শেয়ারবাজার, গুপ্তহত্যাসহ নানা বিষয়ে কথা বলেন।নোয়াবের সভাপতি ও ইন্ডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম সূচনা বক্তব্যে বলেন, ‘আমরা চাই গণতন্ত্র সুদৃঢ় হোক। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হোক। সরকারি কর্মকাণ্ড সম্পর্কে গণমাধ্যমের কাছে নিয়মিত ব্রিফ করার কথা বলেছিলাম। সেটা হলে ভালো হয়।’ তিনি বলেন, নিউজপ্রিন্টের দাম এমনিতেই বেশি। টাকার অবমূল্যায়ন হওয়ায় দাম আরও বাড়ছে। এর চাপ পড়ছে সংবাদপত্রশিল্পের ওপর।জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছি। এখন প্রত্যেকেই লিখতে পারছেন। আর মাঝেমধ্যে এ রকম মতবিনিময় হলে ভালো হয়।’ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘আমরা যুদ্ধাপরাধের বিচার চাই। সেটা শুরু হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রাথমিক শিক্ষায় অগ্রগতি আছে, কিন্তু সংঘাতের রাজনীতি রয়ে গেছে। মানুষের মধ্যে শঙ্কা-দুশ্চিন্তা রয়েছে, আগামী নির্বাচন হবে তো?’ তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো। নির্বাচন কমিশন নিয়োগে অনুসন্ধান কমিটি ও আইন করার কথা বলা হয়েছিল, সেটা হয়নি। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবাই শঙ্কিত।মাহ্ফুজ আনাম বলেন, দেশে দুর্নীতি আছে। যেকোনো সেবা নিতে গেলে ঘুষ দিতে হয়। কিছু কিছু মন্ত্রীর ভাবমূর্তি ভালো। কারও কারও বিরুদ্ধে অভিযোগ আছে। দেশে গুপ্তহত্যা চলছে, নদীদূষণ কমেনি, এসবের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, সংবাদমাধ্যমে সরকারের সমালোচনা হলে অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি হয়, এমনটা অনুভূত হয়।জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা লিখতে পারবেন, কিছু বলা যাবে না। আমরা কিছু বললে অসহিষ্ণুতা বলবেন।’ তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য প্রকাশে সতর্ক থাকার জন্য নোয়াব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সংবাদপত্রগুলোতে ভুয়া খবর যাতে ছাপা না হয়, সে ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে।’শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষ হোক, সেটা আমরা চাই। এ ব্যাপারে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর মতামত নেবেন। সবাই মত দিলে অনুসন্ধান কমিটি করা হবে।’প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘আমাদের সরকারের আমলে এর মধ্যে অনেকগুলো নির্বাচন তো হলো। এতে কোনো হস্তক্ষেপ হয়েছে কি?’ তিনি বলেন, ‘আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। সুতরাং এসব বিষয়ে আপস করে এবং নির্বাচনে কারচুপির মাধ্যমে ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার কোনো অভিপ্রায় আমাদের নেই।’ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, শেয়ারবাজারের ব্যাপারে প্রধানমন্ত্রীর যাওয়া উচিত নয়। এটা নিয়ন্ত্রণকারী সংস্থার কাজ। তাদেরই দেখা উচিত। তিনি বলেন, ‘ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদনের ফলোআপ হয়নি। অনেকগুলো বিষয় ভাসা ভাসা তদন্ত হয়েছে, গভীর তদন্ত করেননি। প্লেসমেন্ট শেয়ার যে ঘুষ দেওয়ার নতুন উপায়, সেটা নিয়ে ইব্রাহিম খালেদের প্রতিবেদনে বলা হয়েছে। এ নিয়ে কিছু করলেন না।’এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘শেয়ারবাজারে বাধ্য হয়ে আমাকে ঢুকতে হয়েছে। কিছু সিদ্ধান্ত দিতে হলো। শেয়ারবাজারে কে যায়নি? বাজার উঠবে আবার নামবে। কিন্তু মানুষকে এমন ধারণা দেওয়া হয়েছে যে, বিনিয়োগ করলেই রাতারাতি বড়লোক হয়ে যাবেন। বাজার যে বাড়তে পারে আবার নামতেও পারে, সেটা বলতে হবে।’সমকাল পত্রিকার প্রকাশক এ কে আজাদ বলেন, বিদ্যুৎ খাতে আট হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। ব্যাংকগুলোতে তারল্যসংকট আছে। ব্যাংকগুলো দীর্ঘমেয়াদি ঋণ দিচ্ছে না। ডলারের দাম বাড়ায় দ্রব্যমূল্যের ওপর চাপ বাড়বে।এ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা টাকা না পেলেই গেল গেল রব উঠে যায়। অর্থনীতিতে সংকট সারা বিশ্বে, এটা কেবল বাংলাদেশে নয়। তার পরও দেশের অর্থনীতি গতিশীল রয়েছে। কারণ, সরকার অর্থনীতি সচল রাখতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে।’ তিনি বলেন, মূল্যস্ফীতি আছে। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানির বিরাট আমদানি করতে হয়েছে। এতে অর্থনীতিতে চাপ পড়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক বিএনপির আমলে বিদ্যুৎ খাতে তহবিল বন্ধ করে দেয়। আমি পদ্মা সেতুতে তাদের নিয়ে আসি। জমি অধিগ্রহণ হয়ে যায়। কোথাও কোনো দুর্নীতি হয়নি। পরামর্শক নিয়োগের সময় হঠাৎ দুর্নীতির কথা উঠল। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আমাকে দুটি কাগজ দেখালেন। সেগুলো বিএনপি সরকারের আমলের। আমি বললাম, দুর্নীতি হলে খতিয়ে দেখা হবে। আমার প্রশ্ন, কত টাকার দুর্নীতি হয়েছে? এ নিয়ে দুদক তদন্ত করছে। মন্ত্রী-সচিব সব বদলে দিলাম।’ তিনি বলেন, ‘যত দিন না দুর্নীতি প্রমাণ করবে, তত দিন আমি পদ্মা সেতু করব না। এটা বেসরকারি খাতে দিয়ে দেব।’মতবিনিময় সভায় নোয়াবের প্রতিনিধিদলে আরও ছিলেন ইত্তেফাক-এর সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, নিউজ টুডের সম্পাদক এম রিয়াজউদ্দিন আহমেদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ইনকিলাব-এর সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, সংবাদ-এর সম্পাদক আলতামাশ কবির, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক এম তসলিম উদ্দিন চৌধুরী, যুগান্তর-এর নুরুল ইসলাম প্রমুখ।এ সময় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ এম ওয়াহিদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।