পাঁচ বছরে বাজেটের আকার দ্বিগুণ
সরকারের প্রথম অর্থবছর থেকে শেষ অর্থবছরের মধ্যে বাজেটের আকার বেড়ে দ্বিগুণ হচ্ছে। সরকারের শুরু অর্থাৎ ২০০৯-১০ অর্থবছরে বাজেটের আকার ছিল এক লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকা। সরকারের শেষ অর্থাৎ আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের আকার দাঁড়াচ্ছে প্রায় দুই লাখ ২৫ হাজার কোটি টাকা।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ৬ জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের নতুন বাজেট উপস্থাপন করবেন। এতে ঘাটতিসহ এক লাখ ৫১ হাজার কোটি টাকা থাকছে অনুন্নয়ন বাজেট। বাকি ৭৪ হাজার কোটি টাকা থাকছে উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। অর্থ বিভাগ সূত্র জানায়, আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির (জিডিপি) হার ধরা হচ্ছে চলতি অর্থবছরের সমান অর্থাৎ ৭ দশমিক ২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যদিও এরই মধ্যে হিসাব করে বলেছে, অর্থবছর শেষে প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ, যা বর্তমান সরকারের আমলের সবচেয়ে কম প্রবৃদ্ধির হার। অর্থমন্ত্রী অবশ্য গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘বিবিএসের এই হার ঠিক নয়। বেড়ে এমনকি তা ৬ দশমিক ৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।’ এ ছাড়া আগামী বাজেটে বার্ষিক মূল্যস্ফীতি ধরা হচ্ছে ৭ শতাংশ। বাজেট ঘাটতি রাখা হতে পারে ৪ দশমিক ৮ শতাংশের মধ্যে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাজেট ঘাটতি ৪ দশমিক ৩ শতাংশে নামিয়ে আনার পরামর্শ দিলেও সরকারের পক্ষে তা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। সম্প্রসারণমূলক অর্থনীতির সমর্থনে অর্থমন্ত্রী নিজেই বাজেট ঘাটতি ৫ শতাংশের ওপরে রাখার পক্ষে। আগামী অর্থবছরে বাজেট ঘাটতি ৬৫ থেকে ৬৭ হাজার কোটি টাকার মধ্যেই থাকছে। ব্যাংক-ব্যবস্থা থেকে আগামী অর্থবছরে সরকার ২৫ হাজার কোটি টাকা ঋণ নেবে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। চলতি অর্থবছরের বাজেটে এই লক্ষ্যমাত্রা ছিল ২৩ হাজার কোটি টাকা। যদিও এই লক্ষ্যমাত্রার মধ্যে সরকার থাকতে পারেনি। টানাপোড়েনের আগামী বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল এক লাখ ৩৫ হাজার কোটি টাকা। এত টাকা সংগ্রহ কঠিন হয়ে পড়বে বলে অর্থ বিভাগকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এনবিআর।সরকারের রাজস্ব সংগ্রহ করা হয় মোটা দাগে তিনটি উৎস থেকে। এগুলো হচ্ছে, এনবিআর-নিয়ন্ত্রিত কর, এনবিআর-বহির্ভূত কর এবং কর ব্যতীত প্রাপ্তি। বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনবিআর-বহির্ভূত কর বাবদ আগামী অর্থবছরে আদায় করা হবে ছয় হাজার ৩০০ কোটি টাকা। চলতি অর্থবছরে এ খাতে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ৫৬৫ কোটি টাকা। তবে কর ব্যতীত প্রাপ্তির উৎস থেকে চলতি অর্থবছরে সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৮৪৬ কোটি টাকা। আগামীবারের জন্য তা ২৭ হাজার কোটি টাকা করা হচ্ছে। সূত্র জানায়, আগামী বাজেটে ভর্তুকির পরিমাণ কমিয়ে আনা হবে। কারণ, সম্প্রসারিত ঋণ সহায়তা (ইসিএফ) বাবদ ১০০ কোটি ডলারের কিস্তির অর্থ আইএমএফ থেকে পাওয়া যাচ্ছে, তার অন্যতম শর্তই হলো ভর্তুকি কমানো। সেই কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) দেওয়া ভর্তুকি চলতি অর্থবছরে ১৩ হাজার কোটি টাকায় সীমিত রাখা হলেও ভবিষ্যতে সাত থেকে আট হাজার কোটি টাকায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের।এ ছাড়া মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে বৈদেশিক সাহায্যের তুলনায় স্থানীয় মুদ্রায় প্রকল্প বাস্তবায়নের প্রবণতা বেশি। কারণ, স্থানীয় মুদ্রা ব্যবহার করলে নজরদারি তুলনামূলক কম থাকে। আর বৈদেশিক সাহায্য ব্যবহার করতে গেলে দুর্নীতি করা কঠিন হয়ে পড়ে। আগামী বাজেটে এ বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে। আগামী বাজেটে মহার্ঘ্য ভাতা দেওয়ার কোনো চিন্তা নেই বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী। তবে তিনি এ-ও জানিয়েছেন, একটি পে-কমিশন করে যাবেন। বাজেটে প্রতিবন্ধীদের জন্য বর্তমানের ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হচ্ছে বলে জানা গেছে। তবে বয়স্ক বা মুক্তিযোদ্ধাদের জন্য কোনো ভাতা বাড়ছে না। টোল, লেভি, প্রশাসনিক ফি, জরিমানা, সেবা ফি ইত্যাদি আগামী অর্থবছরে অন্তত ৫০ শতাংশ করে বাড়ানো হবে বলে জানা গেছে। অগ্রাধিকার খাত অবাস্তবায়িত: বর্তমান সরকারের প্রথম অর্থবছরে যে অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়েছিল, বাস্তবায়িত না হওয়ায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং সব শেষে আগামী অর্থবছরের জন্যও থেকে যাচ্ছে সেগুলো। অর্থমন্ত্রী প্রতিবছরই এগুলো বাস্তবায়নের অঙ্গীকার করে ঘুরিয়ে-ফিরিয়ে প্রায় একই কথা বলে যাচ্ছেন এবং আগামী বাজেট বক্তব্যেও বলবেন বলে জানা গেছে। অগ্রাধিকার খাতের মধ্যে অন্যতম ছিল রেলপথের সংস্কার। এই খাত নিয়ে মহাপরিকল্পনা করা হচ্ছে বলে সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী। তা ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ ধীরগতিতে হলেও চলছে। জানা গেছে, ৩০টি অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়ের মধ্যে এ দুটি ছাড়া মোটা দাগে আর কিছুই হয়নি। সাড়ে চার বছরেও চূড়ান্ত হয়নি কয়লানীতি ও জ্বালানিনীতি। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কাঠামো শক্তিশালী দূরের কথা আইনই পাস হয়নি। দূষণমুক্ত হয়নি বুড়িগঙ্গা নদী। গড়াই নদী পুনঃখনন হয়নি। ভূমি জরিপ ও ব্যবস্থাপনাকে ডিজিটাল ব্যবস্থায় আনা হয়নি। গড়ে তোলা হয়নি দেশের বিভিন্ন জায়গায় অর্থনৈতিক অঞ্চল।সরকার পদ্মা সেতু, মেট্রোরেল ইত্যাদি বড় প্রকল্প শুধু বাস্তবায়ন করতে পারেনি তা নয়, অনেক ছোট প্রকল্প বাস্তবায়নেও ব্যর্থ হয়েছে। ই-গভর্ন্যান্সের আওতায় সব সরকারি দপ্তরকে সমন্বিত তথ্যপ্রযুক্তি নেটওয়ার্কের আওতায় সরকার আনতে পারেনি।অর্থমন্ত্রী সম্প্রতি সাংবাদিকদের বলেন, এসব অগ্রাধিকারপ্রাপ্ত কাজ তিনি কেন বাস্তবায়ন করতে পারেননি, আগামী বাজেটে ব্যাখ্যাসহ ভবিষ্যতের দিকনির্দেশনা দেবেন তিনি।