প্রয়োজনীয় লোকবল-সংকট, প্রকল্প এলাকায় গ্যাস সংযোগ না থাকায় সুনামগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। পাঁচ বছরে মাত্র পাঁচটি প্লটে শিল্পপ্রতিষ্ঠান হয়েছে। গ্যাস সংযোগসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় যে কয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলো ছেড়ে দেওয়ার চিন্তা করছেন বিনিয়োগকারীরা। এ ছাড়া জেলা বিসিকের ঋণ বিতরণ ও আদায় কার্যক্রমও চলছে ঢিমেতালে।সুনামগঞ্জ বিসিক সূত্রে জানা যায়, সুনামগঞ্জে ১৯৮৭ সালে বিসিকের কার্যক্রম শুরু হয়। ১৯৯৫ সালে সুনামগঞ্জে বিসিক শিল্পনগর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। এ জন্য শহরের ওয়েজখালী এলাকায় স্থান নির্ধারণ করা হয়। এরপর প্রকল্প এলাকায় মাটি ভরাট করে ১১৬টি প্লট তৈরি করা হয়। এর মধ্যে চার হাজার ৫০০ বর্গফুটের ৭৭টি, তিন হাজার বর্গফুটের ৩৪টি তৈরি করা হয়। বাকিগুলো আরও ছোট আকারের। প্রকল্প এলাকাতেই নিজস্ব অফিস ভবন নির্মাণ করা হয়। সব মিলিয়ে ব্যয় হয় ছয় কোটি টাকা। সব কাজ করলেও গ্যাস সংযোগ এখানো দেওয়া হয়নি। যে কারণে বিনিয়োগে আগ্রহী লোকজন থাকলেও এ সমস্যার কারণে প্লটগুলো খালি পড়ে আছে। আর এখানে গরু চরাচ্ছে এলাকাবাসী।সুনামগঞ্জ বিসিকের উপ-ব্যবস্থাপক জানান, ২০০৫ সাল থেকে শুরু প্লট বরাদ্দের কাজ। গত পাঁচ বছরে এখানে ১১৬টি প্লটের মধ্যে ১৫টি প্লট বরাদ্দ হয়েছে। প্লটের প্রতি শতক জমি এককালীন বিক্রি করা হচ্ছে ২৫ হাজার ৫২০ টাকা, আর ১০ বছর মেয়াদি কিস্তিতে প্রতি শতকের মূল্য ধরা হয়েছে ৩৩ হাজার ৫০ টাকা। বরাদ্দ দেওয়া ১৫টি প্লটের মধ্যে পাঁচটি প্লটে বিনিয়োগ করেছেন ব্যবসায়ীরা। বাকি প্লটগুলো খালি পড়ে আছে। এ পাঁচটির মধ্যে তিনটি বেকারি, একটি স্টিলের অ্যাঙ্গেল তৈরির কারখানা ও একটি আইসক্রিম তৈরির কারখানা আছে। বাকি ১০টি প্লট বরাদ্দ হলেও তাতে কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। প্রকল্প এলাকায় গ্যাস সংযোগ না থাকায় অনেকে প্লটে কোনো কিছু করছেন না।জানা যায়, সুনামগঞ্জে বিসিক এলাকাটি শহর থেকে দুই কিলোমিটার দূরত্বে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে ওয়েজখালী এলাকায় প্রতিষ্ঠা করা হয়েছে। এ এলাকায় এখানো গ্যাস লাইন টানা হয়নি। উদ্যোক্তারা এখানে বিনিয়োগ করতে চাইলেও যখন জানেন এখানে গ্যাস নেই, তখন আগ্রহ হারিয়ে ফেলেন। চার বছর আগে প্লট নিলেও এখানে কোনো কিছুই করছেন না অনেক উদ্যোক্তারা। গ্যাসের জন্য ওপরে বারবার লেখালেখি করেও কোনো লাভ হয়নি। এর পাশাপাশি সুনামগঞ্জের বিসিক কার্যালয়ে প্রয়োজনীয় লোকবল-সংকটের কারণে অন্যান্য কার্যক্রমেও স্থবিরতা বিরাজ করছে। প্রয়োজনীয় জনবল না থাকায় মাঠপর্যায়ে বিভিন্ন প্রকল্পে ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম চলছে ঢিমেতালে।বিসিক সূত্রে জানা যায়, সুনামগঞ্জে এ পর্যন্ত বিসিকের আত্মকর্মসংস্থান প্রকল্পে ৭৬৫টি ইউনিটে ৭০ লাখ ২১ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে সুদসহ আদায়যোগ্য ঋণের পরিমাণ ৯৯ লাখ ২২ হাজার টাকা। আদায় হয়েছে ৩৯ লাখ ৫৫ হাজার টাকা। দারিদ্র্য বিমোচন প্রকল্পের ২০৮টি ইউনিটে ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে আদায়যোগ্য ২২ লাখ ৫৩ হাজার টাকা। আদায় করা হয়েছে ১৪ লাখ ৫২ হাজার টাকা। এর পরও সুনামগঞ্জে আরও ঋণ দেওয়ার জন্য চাপ আছে। কিন্তু এখানে প্রয়োজনীয় লোকবল-সংকটের কারণে ঋণ বিতরণ করা যাচ্ছে না। বিসিকের মাঠপর্যায়ে কোনো অফিস না থাকায় ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম পরিচালনা করতে হয় সুনামগঞ্জ অফিস থেকেই। উপজেলা পর্যায়ের অফিসগুলো ২০০৭ সাল থেকে বন্ধ করে দেওয়া হয়।সুনামগঞ্জ বিসিকের ভারপ্রাপ্ত উপ-ব্যবস্থাপক মো. মুজহারুল হক খান জানান, বিসিকের সুনামগঞ্জ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীর পদ আছে ২২টি। এর মধ্যে আছেন মাত্র চারজন। জেলা উপ-ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, শিল্পনগর কর্মকর্তার দুটি পদ, জেলা সম্প্রসারণ কর্মকর্তার দুটি, টেকনিক্যাল কর্মকর্তা, টাইপিস্ট, হিসাব কর্মকর্তা, এমএলএসএসসহ মোট ১৮টি পদ শূন্য আছে। তিনি জানান, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোক্তাদের সহায়তাকরণ প্রকল্পে ঋণ দেওয়ার জন্য ওপর থেকে চাপ আছে কিন্তু প্রয়োজনীয় লোকবল না থাকায় ঋণ বিতরণ করা সম্ভব হচ্ছে না।সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল বলেন, ‘সুনামগঞ্জে বিনিয়োগে আগ্রহী লোক আছে। আমি নিজেও গ্যাসের ব্যাপারে বিসিকের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। গ্যাস সংযোগ দেওয়া হলে বাকি প্লটগুলো সহজেই বরাদ্দ দেওয়া যাবে।’এ ব্যাপারে সুনামগঞ্জ জালালাবাদ গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মো. সুরুজ্জামান প্রথম আলোকে বলেন, বিসিকের পক্ষ থেকে গ্যাস সংযোগ প্রদানের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু গ্যাসের সমস্যার কারণে এত দিন সংযোগ দেওয়া হয়নি। এখন বিষয়টি প্রক্রিয়াধীন আছে।সুনামগঞ্জ বিসিকের উপ-ব্যবস্থাপক মো. মজহারুল হক খান বলেন, ‘গ্যাস সংযোগ দেওয়া হলে সব প্লটই বরাদ্দ দেওয়া যাবে। এ ছাড়া সুনামগঞ্জ কার্যালয়ের বড় সমস্যা হচ্ছে লোকবলের। এর জন্য অন্যান্য কার্যক্রম চালাতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি।’