ঝিনাইদহ জেলা শহরের ওপর দিয়ে চলে গেছে ঢাকা-খুলনা, ঢাকা-চুয়াডাঙ্গা ও ঢাকা-কুষ্টিয়া হাইওয়ে সড়ক। রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও যশোর জেলার মানুষের যোগাযোগের প্রধান রুট এই ঝিনাইদহ। এর মধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কটি শহরের বাইরে দিয়ে হলেও অন্যগুলোর গাড়ি চলছে শহরের মধ্য দিয়ে। ফলে শহরে অসহনীয় যানজট লেগেই আছে।সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ঝিনাইদহে এই বাইপাস সড়ক নির্মাণের জন্য ২০০৫ সালে ২৮ একর ভূমি অধিগ্রহণ করা হয়। ওই বছরই সড়ক নির্মাণের জন্য ১৮ কোটি ৫৩ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। নয়টি গ্রুপে ভাগ করে নির্মাণকাজ শুরু হয়। ঠিকাদারদের নানা সমস্যার কারণে সড়কের নির্মাণকাজ আজও শেষ হয়নি।ঝিনাইদহ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম জানান, প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করে ঝিনাইদহে। মানুষের প্রয়োজনে শহরে বাড়ি-ঘর, দোকানপাট বাড়লেও তুলনামূলক আয়তন বাড়েনি। ছোট্ট শহরে একপ্রকার ঠাসাঠাসি করে বসবাস করতে হয় এই জেলার মানুষকে। জেলা শহরে অফিস-আদালত বেড়ে যাওয়ায় মানুষের উপস্থিতিও বেড়েছে। বেড়েছে রিকশা-ভ্যান, বেবিট্যাক্সি আর ইজি বাইক। তিন কিলোমিটার রাস্তার নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি।ঝিনাইদহ পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আবু সাঈদ জানান, প্রতি মিনিটে তিনটি রুটের কমপক্ষে ১০টি গাড়ি শহরে প্রবেশ করে। এগুলো শহরে যানজট বাড়ায়। শহরে দুর্ঘটনা ঘটছে অহরহ।রাস্তার পাশের এলাকার বাসিন্দা তোফাজ্জেল হোসেন বলেন, ‘মাঝেমধ্যে ঠিকাদারদের কাজ দেখতে এসেছি। ঠিকাদারের লোকজন কাজ করছে খুব ধীরগতিতে। এভাবে কাজ করলে আরও কয়েক বছর কেটে যাবে।’এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারদের একজন শরিফ হোসেন বলেন, ‘যথাসময়ে কাজ শুরু করলেও জমি নিয়ে জটিলতায় পিছিয়ে পড়েছি। তা ছাড়া নতুন এই সড়কে কয়েকটি সেতু নির্মাণ করতে হয়েছে, যে কারণে কাজ শেষ হতে বিলম্ব হচ্ছে। তবে দ্রুত কাজ শেষ করতে পারব। এখন আর কোনো সমস্যা নেই।’সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ আলী বলেন, ‘কাজে কিছুটা বিলম্ব হয়েছে। তবে দ্রুত শেষ করার ব্যাপারে সার্বক্ষণিক তদারক করছি। অল্প দিনের মধ্যে রাস্তাটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারব।’