পাঁচ বছরেও হয়নি বেনজির হত্যার বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ঠিক পাঁচ বছর আগে রাওয়ালপিন্ডির লিয়াকত পার্কে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে নিহত হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। সন্ত্রাসীরা গুলি ছুড়ে ও বোমা হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। কিন্তু সে হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। বেনজিরের দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ক্ষমতায় আসার দীর্ঘ দিন পরও থেমে আছে সে বিচার। সন্দেহভাজন বা প্রত্যক্ষ খুনি হিসেবে গ্রেপ্তার হয়নি কেউ।বেনজির হত্যার কয়েক মাস পর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করে বেনজিরের দল সরকার গঠন করে। কিন্তু মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের পাঁচবছর পার হওয়ার পরও তার কিনারা করতে পারেনি পিপিপির সরকার। এমনকি গ্রেপ্তার করা যায়নি তাঁর হত্যাকারীকে। বেনজিরের হত্যাকাণ্ডের পঞ্চম বার্ষিকীতে হত্যাকারীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারার ব্যর্থতা তাঁর দলেরই। বেনজির নিহত হওয়ার পর তাঁর স্বামী আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হয়েছেন। কাজেই এই বিচার প্রক্রিয়া থেমে থাকা ও হত্যাকারীকে গ্রেপ্তার করতে না পারার ব্যর্থতার দায় তিনি এড়াতে পারবেন না।বেনজির নিহত হওয়ার তিন দিন পর এক সংবাদ সম্মেলনে আসিফ আলী জারদারি তাঁর স্ত্রী নিহত হওয়ার ব্যাপারে অভিযোগ ও সন্দেহের তির ছুঁড়েছিলেন পাকিস্তানের তত্কালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের দিকে। তির ছুঁড়েছিলেন পাকিস্তান মুসলিম লিগের একাংশ পিএমএলের (কিউ) দিকে। তিনি অবশ্য এই অভিযোগ তুলেছিলেন তাঁর স্ত্রী বেনজির ভুট্টোর একটি ই-মেইলের সূত্র ধরে। সেই ই-মেইলে বেনজির অভিযোগ করেছিলেন, পারভেজ মোশাররফ তাঁর নিরাপত্তার ব্যাপারে যত্নশীল নয়। জীবদ্দশায় বেনজির সন্দেহ করতেন পিএমএলের (কিউ) চৌধুরী পারভেজ ইলাহী, পাকিস্তানি আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের তত্কালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল হামিদ গুল ও পাকিস্তান পুলিশের বিশেষ শাখার প্রধান ইজাজ শাহ তাঁকে হত্যা করার চেষ্টা চালাতে পারেন।এই পাঁচ বছরে জারদারি তাঁর স্ত্রীর হত্যাকাণ্ডের বিচার ও সুষ্ঠু তদন্তের ব্যাপারে কতটা ‘যত্নশীল’ ছিলেন, তাঁর একটি উদারহরণ তুলে ধরলে বোঝা যায়। সেই চৌধুরী পারভেজ ইলাহী এই মুহূর্তে পিপিপি সরকারের অন্যতম অংশীদার। পারভেজ ইলাহী এই সরকারের উপপ্রধানমন্ত্রী। বেনজির হত্যা নিয়ে পিপিপি যে কেবল রাজনীতিই করে গেছে—তা প্রমাণ করার জন্য খুব বড় রাজনীতি বিশারদ হওয়ার প্রয়োজন নেই।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের বিচার রেহমান মালিকেরও তেমন তোড়জোড় নেই। কিছু দিন আগে রেহমান মালিক সিন্ধুর প্রাদেশিক পরিষদে দাঁড়িয়ে বলেছেন, বেনজির ভুট্টো হত্যার নেপথ্য নায়কদের মুখোশ তিনি অচিরেই খুলে দেবেন। তবে সেই মুখোশ খোলার কাজটি আইন আদালত ও নিরাপত্তা বাহিনীর মাধ্যমে তিনি করবেন না, করবেন তাঁর প্রকাশিতব্য নতুন বইয়ে। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এই অদ্ভুত কথা শুনে অনেকেই অবাক হয়েছেন। বেনজির ভুট্টোর মৃত্যুর পর তাঁর মরদেহের ময়নাতদন্তও হয়নি। স্বামী আসিফ আলী জারদারি প্রথম থেকে এর বিরোধিতা করেন। তিনি ওই সময় বলেছিলেন, ময়নাতদন্ত কতটা ফল বয়ে আনবে, এ ব্যাপারে তিনি যথেষ্ট অভিজ্ঞ। একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ময়নাতদন্ত করতে না দিয়ে জারদারি ও পিপিপি নেতৃত্ব আসলে কী আড়াল করতে চেয়েছেন, তা কারও বোধগম্য নয়।পিপিরি নেতারা বেনজিরের হত্যাকাণ্ডের বিচার ও আনুষঙ্গিক বিষয়ে সবসময় স্ববিরোধী কথাবার্তা বলে এসেছেন। কেন্দ্রীয় তথ্যমন্ত্রী কামার জামান কাইরা এক জনসভায় একবার বলেছিলেন, অচিরেই নাকি বেনজির হত্যার রহস্য উন্মোচিত হবে। একইসঙ্গে তিনি বলেছিলেন, বেনজিরের হত্যাকারীদের সম্পর্কে সব তথ্য তদন্ত করে বের করা হয়েছে। এই মন্ত্রীই আরেক জায়গায় বলেছিলেন, বেনজিরের হত্যাকারী আসলে বায়তুল্লাহ মেহসুদ, যিনি ২০০৯ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। একজন মন্ত্রী যদি এক মুখে দুই কথা বলেন, তাহলে এই গুরুত্বপূর্ণ তদন্ত নিয়ে প্রশ্ন থেকেই যায়।বেনজির হত্যার বিচার হয়নি, হত্যাকারী গ্রেপ্তার হয়নি। এই হাহাকারের মধ্যেও গারহি খুদা বকসে বেনজিরের কবরে আজ পাকিস্তান পিপলস পার্টিসহ দেশটির সর্বস্তরের মানুষেরা সমবেত হবে, তাদের দুই বারের প্রধানমন্ত্রী ‘মোহতারেমার’ জন্য নিজেদের আন্তরিক ভালোবাসা নিয়ে। এত শ্রদ্ধা, এত স্মরণের মধ্যেও বেনজির হত্যার বিচারের বাণী নীরবে মাথাকুটে মরছে। (দ্য ডনে প্রকাশিত একটি প্রতিবেদন অবলম্বনে রচিত)